ঢাকা শনিবার, অক্টোবর ৩, ২০২৬

asiareport24.com

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের প্রশংসা, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি


এশিয়া রিপোর্ট ডেক্স
৯:০৩ - শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের প্রশংসা, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের পক্ষে দেওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণের প্রশংসা করে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রীকে এ অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। বার্তায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণকে দূরদশী, দৃড়প্রতিজ্ঞ ও দিকনির্দেশনামূলক হিসেবে উল্লেখ করেন।

এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে তার প্রথম ভাষণ।

ভাষণে প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন, সুশাসন, জবাবদিহিতা, মানবাধিকার ও রাজনৈতিক স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনগণকে ক্ষমতাহীন রেখে কোনো রাষ্ট্রই প্রকৃত অর্থে শক্তিশালী হতে পারে না।

প্রধানমন্ত্রী একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি দেশের পুনর্গঠনে রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন—‘৩-আর’ কৌশল বাস্তবায়নের কথা তুলে ধরেন।

আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও বাংলাদেশের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী। বৈশ্বিক সংঘাত নিরসনে সংলাপ, কূটনৈতিক প্রক্রিয়া ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপের পাশাপাশি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা কামনা করেন তিনি।

প্রধানমন্ত্রীর এই ভাষণের পর রাষ্ট্রপতির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। রাষ্ট্রপতির বার্তায় জাতিসংঘের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের স্বার্থ, জনগণের প্রত্যাশা এবং দেশের ভবিষ্যৎ অগ্রযাত্রার বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রশংসা করা হয়েছে।