শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ২

শার্শা (যশোর) প্রতিনিধি:যশোরের শার্শায় পুলিশের পৃথক দুটি বিশেষ অভিযানে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম ইয়াবার ভাঙা-গুঁড়া অংশসহ এক নারী ও এক যুবককে করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ও রাতে উপজেলার উলাশী ইউনিয়নের লাউতাড়া এবং ডিহি ইউনিয়নের শাড়াতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে শার্শা থানা পুলিশ।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হকের নেতৃত্বে পুলিশের উপপরিদর্শক (এসআই) শেখ আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান দুটি পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৩টা ১০ মিনিটের দিকে লাউতাড়া-গয়ড়া সড়কের লাউতাড়া ব্রিজের ওপর অভিযান চালিয়ে তানজিলা বেগম (৩০) নামে এক নারীকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০ গ্রাম ইয়াবার ভাঙা ও গুঁড়া অংশ উদ্ধার করা হয়।
অপরদিকে, একই দিন রাত ৯টা ৩০ মিনিটের দিকে গোড়পাড়া-কাসিপুর সড়কের শাড়াতলা বাজারসংলগ্ন ব্রিজে অভিযান চালিয়ে মো. মেহেদী হাসান ওরফে হাসান (২২) নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

