মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

ভারতীয় গোয়েন্দার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক, দাবি রাশেদের

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
ভারতীয় গোয়েন্দার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক, দাবি রাশেদের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় এক গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠক হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। সোমবার (২৬ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ দাবি করেন।

রাশেদ খানের দাবি, গত ১৬ অক্টোবর রাজধানীর বারিধারায় ভারতীয় ওই গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক হয়। বৈঠকে মিয়া গোলাম পরওয়ারের পাশাপাশি জামায়াত নেতা এ টি এম মাছুমও উপস্থিত ছিলেন বলে উল্লেখ করেন তিনি।

ফেসবুক পোস্টে রাশেদ খান প্রশ্ন তোলেন, যারা নিয়মিত ভারতের বিরুদ্ধে বক্তব্য দেন, তাঁরা কী কারণে এবং কোন স্বার্থে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠকে অংশ নিয়েছেন।

তিনি লেখেন, ‘যারা সারা দিন ভারতের বিরুদ্ধে বক্তব্য রাখে, তারা কী কারণে, কোন স্বার্থে ভারতীয় এই গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠকে অংশগ্রহণ করেছে? কোনো ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করা, আর ভারতীয় উচ্চ পর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক হওয়া এক জিনিস নয়।’

জামায়াতের সেক্রেটারি জেনারেলকে বৈঠকের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়ে রাশেদ খান বলেন, ‘মিয়া গোলাম পরওয়ার যদি নৈতিক রাজনীতি করে থাকে, আশা করি তিনি গোপন এই বৈঠকের বিষয়টি খোলাসা করবেন।’

তিনি আরও দাবি করেন, এ বিষয়ে ব্যাখ্যা দেওয়া না হলে জামায়াত রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত—এমন ধারণা করা হবে। তাঁর অভিযোগ, এই ষড়যন্ত্রের প্রথম ধাপ হতে পারে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে জামায়াতের আন্দোলনের পরিকল্পনা।