রাজবাড়ীতে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে গুলি

রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক আমির হোসেন লিটনকে (৩৫) লক্ষ্য করে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। মঙ্গলবার দুপুরে জেলা শহরের পান্না চত্বরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত আমির হোসেন লিটন বানিবহ এলাকার আবুল হাশেমের ছেলে।
ঘটনার বর্ণনা দিয়ে আমির হোসেন লিটন জানান, একটি মামলার কাজ শেষে আদালত থেকে অটোরিকশাযোগে শহরের বড় বাজারে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে পান্না চত্বর অতিক্রম করার সময় সালেহ আহাম্মেদ সুজন ও ইনসান নামের দুই ব্যক্তি তাদের রিকশাটি গতিরোধ করে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার ডান হাতে গুলি লাগে এবং তার সঙ্গে থাকা অপর এক ব্যক্তির পেটের পাশ দিয়ে আরেকটি গুলি বেরিয়ে যায়।
হামলাকারীরা এরপর কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। তিনি আরও জানান, অভিযুক্ত সালেহ আহাম্মেদ সুজনের বিরুদ্ধে এর আগেও জিডি করা হয়েছিল। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনার বিচার দাবি করেন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমল হোসেন বলেন, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

