২৮ অক্টোবরের লগি-বৈঠার হত্যাকাণ্ডের বিচার দাবিতে নেত্রকোনায় জামায়াতের বিক্ষোভ

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে আসরের নামাজের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
জেলা জামায়াতের আমির মাওলানা সাদিক আহমেদ হারিছের নেতৃত্বে শহরের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বড় মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাহবুবুর রহমান, সেক্রেটারি অধ্যাপক বদরুল আমিন, সহকারী সেক্রেটারি ও নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা এবং জেলা জামায়াতের অন্যতম শূরা সদস্য ডা. আবুল হোসেন তালুকদারসহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীতে লগি-বৈঠা দিয়ে সংঘটিত পৈশাচিক হামলা ও হত্যাকাণ্ডের দৃশ্য বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে। ওই ঘটনা দেশের রাজনৈতিক ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায় হয়ে রয়েছে, যা আজও মানুষের বিবেককে নাড়া দেয়।
তাঁরা আরও বলেন, ওই দিনের হত্যাকাণ্ড ও নির্যাতনের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। ফ্যাসিবাদী আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত সব হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করতে হবে। ২৮ অক্টোবরের ঘটনার বিচার না হওয়া পর্যন্ত এ দাবি অব্যাহত থাকবে বলেও তাঁরা ঘোষণা দেন।

