বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

প্রিপেইড মিটারে রিচার্জ নিয়ে জরুরি নির্দেশনা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ৩:১৭ অপরাহ্ন আপডেট: ৪ নভেম্বর ২০২৬, ৩:৪৫ অপরাহ্ন
প্রিপেইড মিটারে রিচার্জ নিয়ে জরুরি নির্দেশনা

প্রিপেইড মিটার ব্যবস্থার আধুনিকায়ন ও সিস্টেম আপগ্রেডেশনের কারণে টানা ২৪ ঘণ্টা ব্যাহত হতে পারে রিচার্জ সেবা। এ সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে গ্রাহকদের আগেভাগেই মিটারে পর্যাপ্ত ব্যালেন্স জমা রাখার পরামর্শ দিয়েছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো)।

বুধবার (৪ নভেম্বর) সকালে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিদ্যুৎ বিতরণ সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রিপেইড সিস্টেম আপগ্রেডেশনের কাজের জন্য বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টা থেকে শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত রিচার্জ সেবা বন্ধ অথবা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে।

তবে এ সমস্যা সব প্রিপেইড মিটার গ্রাহকের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যেসব গ্রাহকের মিটার নম্বর ০৩ দিয়ে শুরু হয়েছে, কেবল তাঁদের রিচার্জ সেবা সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে নির্ধারিত সময় শুরুর আগেই সংশ্লিষ্ট গ্রাহকদের মিটারে প্রয়োজনীয় ব্যালেন্স নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে ডেসকো। এতে রিচার্জ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকলেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে।

এ ছাড়া রিচার্জ সংক্রান্ত যেকোনো প্রয়োজনে গ্রাহকদের ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ডেসকো।