রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক — পাংশা, রাজবাড়ী
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ৩:১০ অপরাহ্ন
রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা এলাকায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. নজরুল ইসলামের নেতৃত্বে মিছিল বের করার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোর সাড়ে ৪টার দিকে পাংশা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পাংশা উপজেলার বাগমারা গ্রামের সাইফুল প্রামানিক (২০), ইরান প্রামানিক (২২), নয়ন মোল্লা (২০), মো. রাব্বি হোসেন (২২) এবং মেঘনা উত্তরপাড়া গ্রামের মো. সুহান শেখ ওরফে সোহান (২৩)।

পুলিশ জানায়, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর পাংশা থানায় দায়ের করা একটি মামলার (জিআর নম্বর ১৯৬/২৫) তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মামলাটিতে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(১) ও ১৫(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশের ভাষ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী। গত ৭ নভেম্বর ভোরে বাহাদুরপুর এলাকায় সরকারবিরোধী কর্মকাণ্ডের উদ্দেশ্যে সংগঠিত হয়ে মিছিলে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়েও তথ্য-প্রমাণ পাওয়া গেছে। গ্রেপ্তার ব্যক্তিরা বিগত সরকারের আমলে এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করতেন বলেও পুলিশ জানিয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, শনিবার সকালে নিষিদ্ধ সংগঠনটির সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম তার মাকে সঙ্গে নিয়ে নিজ এলাকায় মিছিল করেন। পরে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মিছিলের ছবি ও ভিডিও শেয়ার করে বিভিন্ন মন্তব্য করেন। এ সময় তার সঙ্গে ৫০ থেকে ৭০ জন কর্মী উপস্থিত ছিলেন।