মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

গভীর রাতে শিক্ষার্থীদের বাসে আগুন, কারাগারের সামনে ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক — বাজিতপুর, কিশোরগঞ্জ
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ২:৩১ অপরাহ্ন আপডেট: ১০ নভেম্বর ২০২৬, ২:৫৭ অপরাহ্ন
গভীর রাতে শিক্ষার্থীদের বাসে আগুন, কারাগারের সামনে ককটেল বিস্ফোরণ

কিশোরগঞ্জের বাজিতপুরে শিক্ষার্থীদের যাতায়াতের কাজে নিয়োজিত বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পিরিজপুর বাজারে দাঁড়িয়ে থাকা অবস্থায় বাসটিতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি ভৈরব সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের নিয়মিত আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো। বাজিতপুরের পিরিজপুর ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী শিক্ষার্থীরা প্রতিদিন এই বাসে চড়ে কলেজে যাতায়াত করতেন। অন্য দিনের মতো সোমবারও শিক্ষার্থীদের পৌঁছে দিয়ে বাসটি পিরিজপুর বাজারের নির্ধারিত স্থানে এনে রাখা হয়েছিল। রাত ৩টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও তার আগেই বাসটি পুরোপুরি পুড়ে যায়।

উপজেলার দূরবর্তী এলাকার শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান মাধ্যমটি পুড়ে যাওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে বাজিতপুর উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতা-কর্মীরা বলছেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা এটি ঘটিয়েছে।

ভৈরব সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. মজিবুর রহমান বলেন, বিআরটিসি ঘটনাটি তদন্ত করছে এবং তারা আইনি ব্যবস্থা গ্রহণ করবে। আমাদের সঙ্গে বিআরটিসির চুক্তি তারা আমাদের শিক্ষার্থীদের কলেজে আনা নেওয়া করবে।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ জানান, কারা বাসটিতে আগুন দিয়েছেন তা তদন্তের বিষয়। আমরা তদন্ত করছি। অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে কিশোরগঞ্জ জেলা কারাগারের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ভিডিওটি ছড়িয়ে পড়ার পর জনমনে বিভ্রান্তি ও আতংকের সৃষ্টি হয়েছে।

ভিডিওটির সত্যতা সম্পর্কে জানতে জেল সুপার জাহানারা বেগম ও জেলার নাশির আহমেদকে বেশ কয়েকবার ফোনকল দিলেও তাঁরা সাড়া দেননি।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি।