বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

'আজকে আমার সৌভাগ্য, আপনি আমাকে মহিলা আসন বলেন নাই'

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন আপডেট: ১১ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
'আজকে আমার সৌভাগ্য, আপনি আমাকে মহিলা আসন বলেন নাই'

জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় স্পিকারকে উদ্দেশ করে রসিকতা করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, ‘আজকে আমার সৌভাগ্য, আপনি আমাকে মহিলা আসন বলেন নাই।’ তাঁর এমন মন্তব্যে সংসদ কক্ষে হাসির রোল পড়ে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রাথমিক শিক্ষার বিভিন্ন সমস্যা, শিক্ষক বদলিতে দীর্ঘসূত্রতা এবং বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে জটিলতা নিয়ে কথা বলেন সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

বক্তব্যে তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বদলি প্রক্রিয়া সহজ করার দাবি জানান। বদলির অনুমোদন উপজেলা, জেলা নাকি মন্ত্রণালয় পর্যায়ে দেওয়া হবে, সে বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের আহ্বান জানান তিনি।

জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, জেলা পর্যায়ে যে বদলির সিদ্ধান্ত দ্রুত নেওয়া সম্ভব, তা মন্ত্রণালয়ে পাঠানোর কারণে নিষ্পত্তি হতে তিন মাস পর্যন্ত সময় লেগে যায়। প্রশাসনিক জটিলতা কমাতে বদলির ক্ষমতা স্থানীয় পর্যায়ে দেওয়ার দাবি জানান তিনি।

এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হওয়ার ক্ষেত্রে স্নাতক পাসের বাধ্যবাধকতা নিয়েও প্রশ্ন তোলেন এই সংসদ সদস্য। তিনি বলেন, শিক্ষাগত যোগ্যতার শর্তের কারণে অনেক বিদ্যালয়ের কমিটি অনুমোদন পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। কোথাও কোথাও চার মাসেও কমিটি অনুমোদন হচ্ছে না।

প্রাথমিক শিক্ষাব্যবস্থার বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, সরকারি বিদ্যালয়ের আশপাশে দুই কক্ষের ভাড়াবাড়িতে বিভিন্ন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠছে। এতে শিক্ষার্থীরা বিভিন্ন ধারার শিক্ষাপ্রতিষ্ঠানে বিভক্ত হয়ে পড়ছে এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীসংখ্যা কমছে। এ পরিস্থিতিতে যুগোপযোগী নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

জয়নুল আবদিন ফারুকের বক্তব্যের জবাবে শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষকদের বদলি নীতিমালা ইতোমধ্যে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিকেন্দ্রীকরণ করা হয়েছে। বর্তমানে এক বিভাগ থেকে অন্য বিভাগে বদলির বিষয়গুলো মন্ত্রণালয় পর্যায়ে নিষ্পত্তি করা হয়। অন্যদিকে স্থানীয় পর্যায়ের বদলি সংশ্লিষ্ট শিক্ষা অফিস ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে সম্পন্ন হয়।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হওয়ার ক্ষেত্রে স্নাতক ডিগ্রির বাধ্যবাধকতা শিথিল করার বিষয়টিও বিবেচনাধীন রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, কোনো ব্যক্তি প্রকৃত শিক্ষানুরাগী হলে শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিলের জন্য মন্ত্রণালয়ে আবেদন করার সুযোগ রয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।