শ্রীলঙ্কার বিপক্ষে অধিনায়কত্ব পেলেন হামজা চৌধুরী

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের একাদশে ফিরেছেন হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ। শুধু একাদশে ফেরাই নয়, বাংলাদেশের হয়ে প্রথমবার অধিনায়কের দায়িত্বও পাচ্ছেন হামজা। দলীয় সূত্রে জানা গেছে, আজ তার হাতেই উঠছে অধিনায়কের আর্মব্যান্ড।
সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচটি ফিফা উইন্ডোর বাইরে থাকায় ভুটানের বিপক্ষে খেলতে পারেননি ইংল্যান্ডপ্রবাসী এই দুই ফুটবলার। গত ৯ নভেম্বর ইংল্যান্ড থেকে ঢাকায় ফেরেন হামজা ও ফারহান। আজ শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দুজনকেই একাদশে রেখেছেন কোচ।
অন্যদিকে, পরীক্ষিত ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে আজকের ম্যাচে পাচ্ছে না বাংলাদেশ। ভুটানের বিপক্ষে আগের ম্যাচে তাকে স্ট্রাইকার হিসেবে খেলানো হয়েছিল। ওই ম্যাচের পরদিন অনুশীলনে ব্যথা পান তিনি। চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে একাদশ থেকে ছিটকে গেছেন বিশ্বনাথ। তার জায়গায় সুযোগ পেয়েছেন ইব্রাহিম। ভুটানের বিপক্ষে বাংলাদেশের জয়সূচক একমাত্র গোলটিও করেছিলেন এই ফরোয়ার্ড।
এবারের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অধিনায়কত্বেও দেখা যাচ্ছে পরিবর্তন। টুর্নামেন্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক হিসেবে উপস্থিত হয়েছিলেন তপু বর্মণ। কিন্তু ভুটানের বিপক্ষে ম্যাচের দিন ওয়ার্ম-আপের সময় চোট পেয়ে ছিটকে যান তিনি। তার পরিবর্তে অধিনায়ক হিসেবে মাঠে নামেন জামাল ভূঁইয়া। এবার হামজা একাদশে ফেরায় তার হাতেই উঠছে অধিনায়কের আর্মব্যান্ড। বাংলাদেশের হয়ে ১১টি ম্যাচ খেললেও এর আগে কখনো অধিনায়কের দায়িত্ব পালন করেননি তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশে রয়েছেন—মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), জিদান ইফসুফ, তারিক কাজী, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ, রাকিব হোসেন, সামিত সোম, কাজেম শাহ ও ইব্রাহিম।

