ফটিকছড়িতে সেপটিক ট্যাংকে পড়ে ৫ বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খেলার ছলে সেপটিক ট্যাংকে পড়ে মো. সাইম নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাদেক নগর গ্রামের আত-তাকওয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় মাওলানা শামসুদ্দীনের মালিকানাধীন একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইম ওই এলাকার বাসিন্দা আকতার হোসেনের ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে শিশুটি বাড়ির পাশের ওই ভবনের সামনে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে ভবনের সেপটিক ট্যাংকে পড়ে যায়। পরে স্বজন ও স্থানীয়রা তাকে ট্যাংকের ভেতর থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় মহিলা ইউপি সদস্য নাজমা আখতার জানান, সেপটিক ট্যাংকের মুখ খোলা থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

