বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

উপহার নামে ঘুষকে বৈধ করার সুযোগ নেই: ইশরাক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
উপহার নামে ঘুষকে বৈধ করার সুযোগ নেই: ইশরাক

ঘুষের লেনদেন সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলমের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, প্রতিমন্ত্রী ৯৫ শতাংশ সঠিক বললেও ৫ শতাংশ ভুল করেছেন। উপহার কিংবা অন্য যে নামেই ডাকা হোক না কেন, ঘুষের লেনদেন অবৈধ ও অনৈতিক।

বুধবার (১১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন ইশরাক হোসেন।

পোস্টে তিনি লিখেছেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্য পুরোটা শুনলে বোঝা যেত, তিনি ৯৫ শতাংশ সঠিক বলেছেন। জনগণের করের টাকায় নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করার বিষয়ে তাঁর বক্তব্য ঠিক ছিল। তবে তিনি ৫ শতাংশ ভুল করেছেন। উপহার বলি বা অন্য যে নামেই ডাকি না কেন, ঘুষের লেনদেন সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক।

ইশরাক আরও লেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল কোনো অবৈধ বা অনৈতিক কাজ সমর্থন করে না। এটি প্রতিমন্ত্রীর ব্যক্তিগত বক্তব্য ও চর্চা হতে পারে, তবে প্রধানমন্ত্রী ও সরকার এ ধরনের বিষয় সমর্থন করে না। তাই গণমাধ্যমে বিষয়টি তাঁর ব্যক্তিগত বক্তব্য হিসেবেই প্রচার করা উচিত ছিল।

এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম।

সেখানে তিনি বলেন, ঠিকাদার তাঁর লভ্যাংশ থেকে খুশি হয়ে কোনো প্রকৌশলীকে উপহার দিলে তা ঘুষের মধ্যে পড়বে না। এমন উপহার প্রকৌশলীরা নিতে পারেন। এ প্রসঙ্গে তিনি এক সিনিয়র সচিবের সঙ্গে কথোপকথনের উল্লেখ করে বলেন, কাজের গুণগত মান ঠিক রাখার পর ঠিকাদারের মুনাফা কাজের মধ্যেই অন্তর্ভুক্ত থাকে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ঠিকাদারের কাজ দ্রুত বুঝে নিয়ে বিল পরিশোধের পর তিনি যদি নিজের লভ্যাংশ থেকে খুশি হয়ে প্রকৌশলীকে উপহার দেন, তাহলে সেটিকে ঘুষ বলা যাবে না। এসব বিষয় নিয়ে নতুন করে চিন্তা করার সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি।