ভূরুঙ্গামারীতে আলোক সজ্জার বাতি ছেড়ায় শিশুকে গাছে বেঁধে নির্যাতন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আলোক সজ্জার বাতি ছেড়ার অভিযোগে ১২ বছর বয়সী এক শিশুকে আটক করে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ ওঠেছে ‘চায়ের কাপে গল্প’ নামের একটি পথরেস্তোরাঁর উদ্যোক্তাদের বিরুদ্ধে। পরে অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গত ৯ নভেম্বর ( সোমবার) উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে । এঘটনায় গতকাল বুধবার ভূরুঙ্গামারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে শিশুটির বাবা। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামের ওই শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। ঘটনার দিন সকাল ১০টার দিকে ৩ বন্ধুর সঙ্গে ‘চায়ের কাপে গল্প’ নামের পথরেস্তোরাঁটি দেখতে যায় ।
এ সময় দোকানের আলোকসজ্জার দুটি ঝাড়বাতি ছিঁড়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাকে আটক করা হয়। এরপর সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেছেন তার বাবা। ভুক্তভোগী শিশু খাদেমুল ইসলাম জানায়, তিন বন্ধুর সঙ্গে সেখানে বেড়াতে গেলে তাদের একজন ঝাড় বাতি ছিঁড়েছিল। লোকজন দেখে ফেলায় অন্যরা দৌড়ে পালিয়ে যায়। সে বাতি না ছেঁড়ায় দৌড় দেয়নি। পরে তাকে ধরে নিয়ে গিয়ে মাথা, বুক, পিঠে ঘুষি, লাথি ও থাপ্পড় মারা হয়। সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত তাকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়। বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে দাবি শিশুটির। শিশুটির বাবা শহিদুল ইসলাম জানান, বুধবার বিকেল চারটার দিকে ছেলের মাদ্রাসার শিক্ষকের মাধ্যমে আমি বিষয়টি জানতে পাই। পরে পথরেস্তোরাঁর মালিক আল মামুনের সঙ্গে যোগাযোগ করলে তিনি ক্ষতিপুরণ বাবদ আমার কাছে ৫০ হাজার টাকা দাবি করে। পরে পথরেস্তোরাঁর মালিক আল মামুনকে তিন হাজার টাকা দিয়ে সন্ধ্যায় ছেলেকে বাড়িতে নিয়ে যাওয়ার পর তার শারীরিক অবস্থা খারাপ দেখে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির বাবার অভিযোগ, ছেলেকে গাছে বেঁধে মারধর করা হয়েছে।
শিশুটির মা হাজেরা খাতুন জানান , আমাদের ছেলেকে বিবস্ত্র করে মারধর করা হয়েছে। নির্যাতনের পর সে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল। তিন দিন থেকে তাকে হাসপাতালে চিকিৎসা দিতে হেয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।
অভিযুক্ত আল মামুন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে জানান, শিশুটির বাবা নিজেই শাসন করার জন্য মারধর করেছে। পরে স্থানীয় মুরব্বিরা বিষয়টি মীমাংসা করে শিশুটিকে পরিবারের হাতে তুলে দেন। শিশুটির বাবা সুস্থ অবস্থায় তাকে বাড়িতে নিয়ে গেছেন। এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ এম আর সাঈদ জানান, অভিযোগের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) শাহজাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিশুটিকে মারধরের ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

