শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ভোটকেন্দ্রে হামলার মামলায় যশোরের আ.লীগ নেত্রী কারাগারে

অনলাইন ডেস্ক — যশোর
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ৯:২৬ পূর্বাহ্ন আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, ৯:৪০ পূর্বাহ্ন
ভোটকেন্দ্রে হামলার মামলায় যশোরের আ.লীগ নেত্রী কারাগারে

যশোরে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটকেন্দ্রে হামলা, বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মহিলা আওয়ামী লীগের নেত্রী নাসিমা সুলতানা মহুয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) শহরের ঘোপ এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার মহুয়া যশোর শহরের পালবাড়ী গাজীরহাট রোড এলাকার কর্নেল সোহরাব আলীর মেয়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, নির্বাচনের দিন আওয়ামী লীগ-সমর্থিত একদল সশস্ত্র ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র, বোমা ও জিআই পাইপ নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করে। এ সময় তারা এলোপাতাড়ি গুলিবর্ষণ ও বোমার বিস্ফোরণ ঘটিয়ে বিএনপির নেতাকর্মীদের হত্যার চেষ্টা চালায় এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা লাঠিসোঁটা ও জিআই পাইপ দিয়ে মারধর এবং ইটপাটকেল নিক্ষেপ করে কয়েকজনকে আহত করে।

পুলিশের দাবি, মামলাটির প্রাথমিক তদন্তে নাসিমা সুলতানা মহুয়ার সংশ্লিষ্টতার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।