বাউফলে রাতের হামলায় আহত ৪

পটুয়াখালীর বাউফলে পূর্ববিরোধের জেরে হামলার ঘটনায় তিন বোনসহ একই পরিবারের চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালাইয়া বাণিজ্যিক বন্দরের গোরস্থান রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন—ঝুমুর বেগম (৩১), রিনা বেগম (২৭), সাথী বেগম (২৭) ও রিনার স্বামী হাসান মৃধা (২৮)।
আহতদের অভিযোগ, স্থানীয় সিহাব, ওমর, জামাল, খাইরুল, ইশা ও পারভেজসহ ১৫-১৬ জনের একটি কিশোর দল রাত ৯টার দিকে ঝুমুরের কাছে তাঁকে নিয়ে গালমন্দ করার কারণ জানতে চায়। ঝুমুর বিষয়টি অস্বীকার করলে একপর্যায়ে তাঁকে মারধর শুরু করা হয়। এ সময় তাঁকে বাঁচাতে এগিয়ে এলে তাঁর দুই বোন রিনা ও সাথী এবং বোনজামাই হাসানকেও লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তবে অভিযোগ অস্বীকার করে সিহাব বলেন, বিকেলে ঝুমুর তাঁদের উদ্দেশে গালমন্দ করেন। রাতে এ বিষয়ে জানতে চাইলে ঝুমুরের বোনেরা তাঁদের ওপর হামলা করেন। এতে কামড় ও নখের আঁচড়ে তাঁরা আহত হন এবং তাঁদের পোশাক ছিঁড়ে যায়। সিহাব আরও দাবি করেন, ঝুমুর মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁরা কয়েকজন মিলে এলাকায় মাদকবিরোধী কার্যক্রম চালান এবং পুলিশের সঙ্গে বিভিন্ন অভিযানে অংশ নিয়েছেন, যার কারণে ঝুমুর তাঁদের ওপর ক্ষুব্ধ ছিলেন।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, পুলিশ সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া সাধারণ মানুষের এ ধরনের অভিযান চালানোর কোনো আইনি এখতিয়ার নেই।

