সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, ‘প্রভাবিত’ শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ন
বাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, ‘প্রভাবিত’ শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজ বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার তদন্ত শেষ হওয়ার আগেই আগুনের কারণ হিসেবে ‘শর্ট সার্কিট’ এবং বাড়িটিকে ‘পরিত্যক্ত’ বলায় জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। দায়িত্বশীল ব্যক্তিদের আগাম বক্তব্য তদন্ত ও বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে ঘটনাটিকে লঘু করে দেখানোর চেষ্টায় কষ্ট পাওয়ার কথাও জানান এই সংসদ সদস্য।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, তদন্ত প্রভাবিত করার কোনো উদ্দেশ্য তাঁর ছিল না। ঘটনার দিন তিনি কোনো চূড়ান্ত মন্তব্যও করেননি। এ সময় নুসরাতের বক্তব্যে ‘প্রভাবিত করতে পারে’ শব্দগুলো এক্সপাঞ্জ করার আহ্বান জানান তিনি।

রবিবার (১৫ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন নুসরাত। পরে তাঁর বক্তব্যের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

নিজ বাড়িতে আগুন দেওয়ার ঘটনার বর্ণনা দিয়ে নুসরাত বলেন, সিসিটিভি ফুটেজে বিস্ফোরণের মতো ঘটনায় আকাশ লাল হয়ে ওঠা এবং একই সময়ে বাড়ির বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখা গেছে। আগুনের ধোঁয়ায় নারী ও শিশুরা ঘর থেকে বেরিয়ে আসেন। তাঁদের কেউ কেউ অসুস্থও হয়ে পড়েন। ফুটেজে দেয়ালের লাইট জ্বলতে দেখা গেছে বলেও জানান তিনি।

নুসরাত বলেন, এসব দৃশ্য গণমাধ্যম ও তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের কাছেও রয়েছে। এরপরও সংসদে আগুনের কারণ হিসেবে শর্ট সার্কিটের কথা বলা হচ্ছে এবং বাড়িটিকে পরিত্যক্ত হিসেবে উল্লেখ করা হচ্ছে। অথচ বাড়িটি পরিত্যক্ত ছিল না। আর পরিত্যক্ত হলেও সেখানে আগুন দেওয়ার বৈধতা তৈরি হয় না।

তদন্ত শেষ হওয়ার আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা দায়িত্বশীল ব্যক্তিদের এমন মন্তব্য করা উচিত নয় বলে মনে করেন তিনি। তাঁর আশঙ্কা, ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্যের সঙ্গে মিল রেখে অধস্তন কর্মকর্তারা তদন্ত প্রতিবেদন তৈরি করলে প্রকৃত অপরাধীরা দায়মুক্তি পেতে পারে।

অগ্নিকাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে দায় স্বীকার এবং তাঁকে হত্যার হুমকি দেওয়ার বিষয়টিও সংসদে তুলে ধরেন নুসরাত। তিনি বলেন, তাঁকে হুমকি দিয়ে বলা হয়েছে, ‘লাশ রাতে নিয়ে যাওয়া হবে’। এমন হুমকির পরও ঘটনাটিকে হালকাভাবে দেখার সুযোগ নেই।

তিনি আরও অভিযোগ করেন, দিনের বেলায় ককটেল হামলার ঘটনাকে রাতের ঘটনা হিসেবে উপস্থাপনের চেষ্টা চলছে। ঘটনার প্রকৃত সময় ও পরিস্থিতি আড়াল করার এমন প্রবণতা গ্রহণযোগ্য নয়।

এ সময় স্পিকার তাঁকে আলোচ্য বিষয়ের মধ্যে থাকার আহ্বান জানান। জবাবে নুসরাত গোপালগঞ্জের কয়েকটি ঘটনার প্রসঙ্গ তুলে বলেন, সেখানে বিএনপি, ছাত্রদল ও যুবদলের কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এসব নিয়ে উল্লাস প্রকাশ করা হয়েছে।

নুসরাতের ভাষ্য, জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারিতে থাকা ব্যক্তিরা এখন লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন। এনসিপি ও বিএনপির নেতাকর্মীদের প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এসব ঘটনাকে বিচ্ছিন্নভাবে না দেখে সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা প্রয়োজন।

নুসরাতের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, গত ১১ নভেম্বর দিবাগত রাত ১২টা ২০ মিনিটে কুষ্টিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরদিন ১২ নভেম্বর সংসদে বিরোধী দলের চিফ হুইপ বিষয়টি উত্থাপন করলে তিনি এ বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছিলেন। তবে ঘটনার দিন তিনি পেট্রোল বোমা ব্যবহারের কিংবা বাড়ি থেকে কেউ বের হতে পারেননি—এমন কোনো চূড়ান্ত মন্তব্য করেননি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনার দিন সকালেই তিনি ফায়ার সার্ভিসের মহাপরিচালক, বিজিবির মহাপরিচালক, পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেন। পরে বিকেলে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালককে (ডিডিএলজি) প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে বিজিবির একজন মেজর, পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার এবং ফায়ার সার্ভিসের একজন অতিরিক্ত পরিচালক রয়েছেন।

আগুনের কারণ নিয়ে আগের বক্তব্যের ব্যাখ্যায় তিনি বলেন, সেদিন যা বলা হয়েছিল, তা ছিল প্রাথমিক ধারণা। ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট ব্যক্তিরা তখন ঘটনাস্থলে পেট্রোল বোমার কোনো আলামত পাননি। শর্ট সার্কিট থেকেও আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হয়েছিল। তবে সেটি চূড়ান্ত সিদ্ধান্ত ছিল না। তদন্ত শেষ হলেই প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তদন্ত প্রভাবিত করার অভিযোগ নাকচ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি কিংবা সংসদের কোনো সদস্য তদন্ত প্রভাবিত করার উদ্দেশ্যে বক্তব্য দেন না। কোনো সংসদ সদস্যের ওপর আক্রমণ কিংবা কারও জানমালের ওপর হামলার ঘটনা সরকার অত্যন্ত কঠোরভাবে দেখবে।

এ সময় নুসরাতের বক্তব্য থেকে ‘প্রভাবিত করতে পারে’ শব্দগুলো এক্সপাঞ্জ করার আহ্বান জানান তিনি।

জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, কোনো সংসদ সদস্যের মনে তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। এটি অসংসদীয় বক্তব্য নয়। স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু তদন্তের ব্যবস্থা নিয়েছেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন, তাই তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করা উচিত। একই সঙ্গে নুসরাত তাবাসসুমকে ধৈর্য ধরার আহ্বান জানান স্পিকার।