স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। পরিস্থিতি মোকাবিলায় মন্ত্রণালয়ের দৃশ্যমান তৎপরতা নিয়ে কটাক্ষ করে তিনি প্রশ্ন করেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে, নাকি পুরো সরকারই বাসা থেকে অফিস করছে?
শুক্রবার (২০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘দুই থানার কার্যক্রম বন্ধ, হাসপাতালে হামলা, এমপির বাসায় আগুন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে, নাকি পুরো সরকারই এখন বাসা থেকে অফিস করছে? স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে?’
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সহিংসতার কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এ প্রশ্ন তোলেন। গত ১৮ ও ১৯ নভেম্বর গোপালগঞ্জ-২ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য ডা. কে এম বাবরের বাসভবন এবং একই ভবনে অবস্থিত আরাফ জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে দফায় দফায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে আতঙ্কিত হয়ে রোগীরা হাসপাতাল ছেড়ে চলে যান।

এ ছাড়া ১৯ নভেম্বর কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। একই দিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে থানায় থাকা অন্তত ২০টি গাড়ি পুড়ে যায়।
অন্যদিকে নড়াইলে হামলায় দুই বিএনপি নেতা নিহত হয়েছেন। এসব ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জসহ দেশের সাতটি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৯৬ প্লাটুন সদস্য এবং আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকর ভূমিকা ও সরকারের তৎপরতা নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রশ্ন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

