৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল: প্রধানমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পাশাপাশি ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানেও সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত।
আগামীকাল ২১ নভেম্বর ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বাণীতে তারেক রহমান বলেন, ২১ নভেম্বর বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেন। মুক্তিবাহিনী, আধা সামরিক বাহিনীর সদস্য ও দেশপ্রেমিক সাধারণ মানুষও এতে অংশ নেন। এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের লড়াই নতুন মাত্রা পায়।
প্রধানমন্ত্রী বলেন, এ ঐতিহাসিক গুরুত্বের কারণেই প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে তিনি সেনা, নৌ ও বিমানবাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান সামরিক বাহিনীর কর্মকর্তা ছিলেন উল্লেখ করে তারেক রহমান বলেন, এটিও সশস্ত্র বাহিনীর ইতিহাসের একটি গৌরবময় ও ঐতিহাসিক ঘটনা।
সশস্ত্র বাহিনীর অবদান তুলে ধরে তিনি বলেন, সাহসিকতা, শৌর্য ও শৃঙ্খলার মধ্য দিয়ে গড়ে ওঠা এই বাহিনী জাতির গর্বিত প্রতিষ্ঠান। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় বাহিনীর সদস্যরা অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছেন।
বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সততা, দক্ষতা ও কর্মক্ষমতার কারণে বাংলাদেশের সদস্যরা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত হয়েছেন। শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর মধ্যে বাংলাদেশের অন্যতম শীর্ষ অবস্থান দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। ভবিষ্যতেও এ অবদান অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন জাতীয় সংকটের সময় সশস্ত্র বাহিনীর ভূমিকার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, এসব কর্মকাণ্ড বাহিনীকে মানুষের আস্থার প্রতীকে পরিণত করেছে।
তারেক রহমান বলেন, সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীকে সুশৃঙ্খল, ক্ষিপ্র ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলেছিলেন। তাঁর সময়ে বাহিনীকে সুশিক্ষিত ও পেশাদার করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলেও বাহিনীর আধুনিকায়নের ধারা অব্যাহত ছিল।
তিনি আরও বলেন, উন্নত বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীকে প্রযুক্তিনির্ভর, গতিশীল ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গৌরব ও শৌর্য-বীর্যের প্রতীক সশস্ত্র বাহিনী। বিভিন্ন সময়ে বাংলাদেশের স্বার্থবিরোধী শক্তি এ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেছে। তবে দেশপ্রেমিক নেতৃত্ব ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় সশস্ত্র বাহিনী এগিয়ে চলেছে।
বাণীর শেষাংশে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাত বীরশ্রেষ্ঠসহ দেশমাতৃকার জন্য প্রাণ দেওয়া সশস্ত্র বাহিনীর সব সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জানান তারেক রহমান। একই সঙ্গে ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’-এর সব কর্মসূচির সাফল্য কামনা করেন এবং বাহিনীর সদস্য ও তাঁদের পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

