মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আ.লীগকেও কোরবানি দিতে পারেন শেখ হাসিনা: আসিফ নজরুল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ৭:০২ অপরাহ্ন আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ৭:১৬ অপরাহ্ন
আ.লীগকেও কোরবানি দিতে পারেন শেখ হাসিনা: আসিফ নজরুল

শেখ হাসিনার কাছে নিজের ও পরিবারের স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, প্রয়োজনে নিজের স্বার্থ রক্ষায় আওয়ামী লীগকেও কোরবানি দিতে পারেন শেখ হাসিনা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন আসিফ নজরুল।

পোস্টে তিনি লেখেন, শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পরপরই আওয়ামী লীগের কিছু দুর্বৃত্ত হত্যা, অগ্নিসংযোগ ও প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে পরিকল্পিতভাবে এসব অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। এর পেছনে তাঁর নির্দেশনা বা প্ররোচনা রয়েছে বলে বিশ্বাস করার বহু কারণ রয়েছে।

আসিফ নজরুলের ভাষ্য, এসব কর্মকাণ্ডের মাধ্যমে শেখ হাসিনা আবারও জুলাইয়ের হত্যাযজ্ঞের স্মৃতি সামনে নিয়ে এসেছেন। একই সঙ্গে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের অনেককে প্রচণ্ড বিপদের মুখে ঠেলে দিয়েছেন। আওয়ামী লীগের প্রতি যাঁদের সামান্য সহানুভূতি ছিল, তাঁদের জন্যও দলটির পক্ষে কথা বলা কঠিন করে তুলছেন।

ড. ইউনূসের প্রতি শেখ হাসিনার দীর্ঘদিনের ব্যক্তিগত জিঘাংসা ছিল বলেও পোস্টে উল্লেখ করেন আসিফ নজরুল। তাঁর দাবি, এর বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে শেখ হাসিনার অনুগতদের কর্মকাণ্ডে। গত এক মাসে তারা গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০টি শাখায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে।

আসিফ নজরুল আরও লেখেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিবেচনায় আনেননি যে, ড. ইউনূস প্রায় এক যুগ ধরে গ্রামীণ ব্যাংকের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন। গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের প্রচেষ্টাকে আরও অগ্রহণযোগ্য করে তুলতে পারে, সেটিও তাঁদের ভাবনায় নেই।

পোস্টে শেখ হাসিনার কর্মকাণ্ডের সমালোচনা করে আসিফ নজরুল বলেন, মনে হচ্ছে, শেখ হাসিনা অরাজকতা সৃষ্টির জন্য ‘সুইসাইড বম্বার’ চাইছেন। তবে এই আত্মঘাতী বোমায় ক্ষতবিক্ষত হবে আওয়ামী লীগ, তিনি নিজে নন।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, ব্যক্তিগত স্বার্থ রক্ষা করতে গিয়ে তাঁদের নেত্রী যে দলটিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন, তা তাঁরা আর কত দিনেও উপলব্ধি করবেন?