চুয়াডাঙ্গায় মাছের ঘেরের পাহারাদারকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের কামরিয়া বিলে মাছের ঘের পাহারা দেওয়ার সময় বদর উদ্দিন (৫৩) নামে এক পাহারাদারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে গহেরপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত বদর উদ্দিন গহেরপুর মাঝেরপাড়ার মৃত শামসুদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১০টার দিকে কামরিয়া বিলে মাছের ঘের পাহারা দিতে যান বদর উদ্দিন। রাতে তিনি বিলের পাশে একটি কুঁড়েঘরে অবস্থান করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত সেখানে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহতের মাথায় ধারালো অস্ত্রের অন্তত ১২টি কোপের চিহ্ন রয়েছে।
বুধবার ভোরে স্থানীয় লোকজন মাঠে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও স্বজনদের খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বদর উদ্দিনকে কারা এবং কী কারণে হত্যা করেছে, তা উদ্ঘাটনের চেষ্টা চলছে।

