বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

দিনে লাগে ৫ হাজার টাকার ওষুধ, ৫ টাকা জোগাড়েরও সামর্থ্য নেই রিয়াদের

অনলাইন ডেস্ক — রামগঞ্জ, লক্ষ্মীপুর
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
দিনে লাগে ৫ হাজার টাকার ওষুধ, ৫ টাকা জোগাড়েরও সামর্থ্য নেই রিয়াদের

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার রিকশাচালক রিয়াদ হোসেন গুরুতর অসুস্থ হয়ে তিন মাস ধরে শয্যাশায়ী। কিডনি, লিভার, খাদ্যনালীর জটিলতা ও ফুসফুসে পানি জমাসহ নানা রোগে আক্রান্ত তিনি। চিকিৎসকদের মতে, তাকে বাঁচাতে প্রয়োজন তিনটি জরুরি অস্ত্রোপচার। যার ব্যয় প্রায় ৩ থেকে ৪ লাখ টাকা। অথচ প্রতিদিন প্রায় ৫ হাজার টাকার ওষুধ প্রয়োজন হলেও সেই অর্থ জোগাড় করার সামর্থ্য নেই পরিবারটির।

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পশ্চিম উদনপাড়া গ্রামের বাসিন্দা রিয়াদ হোসেন। দুই বছর বয়সে আগুনে পুড়ে হাতের আঙুল হারিয়েছিলেন তিনি। শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও রিকশা চালিয়ে স্ত্রী ও সন্তানকে নিয়ে সংসার চালাতেন। তবে তিন বছর আগে অসুস্থতা ধরা পড়ার পর থেকে ধীরে ধীরে অসহায় হয়ে পড়েন তিনি।

চিকিৎসার খরচ জোগাতে নিজেদের একমাত্র সম্বল রিকশাটিও বিক্রি করে দেন রিয়াদ। এরপরও সুস্থ হতে পারেননি। বর্তমানে ঠিকমতো হাঁটতে কিংবা কথা বলতে পারেন না তিনি। তিন মাস ধরে বিছানায় পড়ে রয়েছেন। অর্থাভাবে বন্ধ হয়ে গেছে ওষুধ কেনাও।

রিয়াদের স্ত্রী শাবনূরও স্বামীকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করছেন। বাবা-মা ও ভাইবোনহীন এই নারী মানুষের বাড়িতে কাজ করে এবং দ্বারে দ্বারে ঘুরে চিকিৎসার অর্থ জোগাড়ের চেষ্টা করছেন। কিন্তু স্বামীর চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন তিনি। অসুস্থ স্বামী ও ছোট্ট সন্তানকে নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের। রিয়াদের অসুস্থতার কারণে ছেলে নীরবের লেখাপড়াও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

ঢাকার চিকিৎসকদের মতে, রিয়াদকে বাঁচাতে তিনটি জরুরি অস্ত্রোপচার প্রয়োজন। এর জন্য প্রায় ৩ থেকে ৪ লাখ টাকা লাগতে পারে। কিন্তু নিঃস্ব পরিবারটির পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে।

এ অবস্থায় রিয়াদের চিকিৎসায় সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষ, সরকার এবং লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের কাছে আর্থিক সহায়তা ও সহযোগিতার আবেদন জানিয়েছে পরিবারটি।

পরিবারটির আশা, মানুষের সহযোগিতা পেলে হয়তো আবারও সুস্থ জীবনে ফিরতে পারবেন রিয়াদ।