ব্যাটার ছাড়াই স্টাম্প ভেঙে দিলেন বোলার, বিগ ব্যাশে অদ্ভুত আউট

ব্যাটিংয়ে নামার পর নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুত হতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ অলরাউন্ডার ডটিন। তাই তাঁকে স্টাম্পের সামনে থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেন আম্পায়ার। আর ব্যাটার ক্রিজে না থাকতেই বল করার সুযোগ পেয়ে সরাসরি স্টাম্প ভেঙে দেন ইংল্যান্ডের বোলার সারাহ গ্লেন। নারী বিগ ব্যাশ লিগে এমন অদ্ভুত আউটের শিকার হয়েছেন ডটিন।
ব্রিসবেন হিট ও মেলবোর্ন রেনেগেডসের ম্যাচে ঘটে ঘটনাটি। জর্জিয়া ওয়ারহ্যামের বিদায়ের পর ব্যাটিংয়ে নামেন ডটিন। তবে ক্রিজে এসেই ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হতে পারেননি তিনি। হেলমেট ঠিক করা ও গ্লাভস পরতে ব্যস্ত ছিলেন এই ক্যারিবীয় অলরাউন্ডার।
এদিকে বল হাতে অপেক্ষা করছিলেন সারাহ গ্লেন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় আম্পায়াররা আর অপেক্ষা করেননি। ডটিনকে স্টাম্প থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেন তাঁরা। অন্যদিকে গ্লেনকে বল করার সুযোগ দেওয়া হয়। ব্যাটার ছাড়াই বল করে সরাসরি মিডল ও লেগ স্টাম্প ভেঙে দেন তিনি। ফলে কোনো বল খেলার সুযোগ না পেয়েই ডায়মন্ড ডাক নিয়ে মাঠ ছাড়তে হয় ডটিনকে।
২০২১ সালের নারী বিগ ব্যাশ মৌসুমের আগে খেলার গতি বাড়াতে নতুন নিয়ম চালু করা হয়েছিল। সেই নিয়ম অনুযায়ী, কোনো ব্যাটার আউট হওয়ার পর নতুন ব্যাটারকে ৭৫ সেকেন্ডের মধ্যে পরের বল মোকাবিলার জন্য প্রস্তুত হতে হয়। অথবা নন-স্ট্রাইকারকে বল গ্রহণের জন্য প্রস্তুত থাকতে হয়। আম্পায়ারদের বিবেচনায় নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুত হতে পারেননি ডটিন।
ঘটনাটি ঘটার পর শুরুতে নিজেও যেন বিশ্বাস করতে পারছিলেন না গ্লেন। কীভাবে উদ্যাপন করবেন, তা বুঝতে না পেরে হেসে ফেলেন তিনি। দুই হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন। পরে সতীর্থরা তাঁকে ঘিরে ধরে উদ্যাপনে মেতে ওঠেন।
ডটিনের বিদায়ের সময় মেলবোর্ন রেনেগেডসের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৪ বলে ৪১ রান। হাতে ছিল পাঁচ উইকেট। শেষ পর্যন্ত অবশ্য নাটকীয়ভাবে ম্যাচটি জিতে নেয় রেনেগেডস। ১৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ বলে তিন উইকেটের জয় পায় মেলবোর্নের দলটি।

