বায়ুদূষণে আজ বিশ্বের দ্বিতীয় অবস্থানে ঢাকা, বাতাস খুবই অস্বাস্থ্যকর

বায়ুদূষণে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে শহরটির বায়ুমান সূচক (একিউআই) ২৩৯ রেকর্ড করা হয়েছে, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত তালিকায় এ তথ্য উঠে আসে।
তালিকায় ৩৬২ একিউআই স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকার স্কোর ২৩৯। ২২৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ভারতের কলকাতা এবং ২২৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে দিল্লি।
এ ছাড়া ২১৬ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে আফগানিস্তানের কাবুল এবং ১৮১ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি। এসব শহরের বায়ুও স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। বিশেষ করে করাচির বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।
দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষ দশে থাকা অন্য শহরগুলোর একিউআই স্কোর ৯৯ থেকে ১৭০-এর মধ্যে রয়েছে।
বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে সাধারণভাবে অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।
একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ হলে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।
এ ধরনের পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের বাইরে চলাচল সীমিত রাখা এবং সম্ভব হলে ঘরের ভেতরে থাকার পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। পাশাপাশি অন্যদেরও বাইরের শারীরিক কার্যক্রম কমিয়ে আনার পরামর্শ দেওয়া হয়।

