‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট, বিমানের কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ লেখা একটি ভিডিও পোস্ট করায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তা হলেন বিমানের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক) মো. রফিকুল আলম।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিমানের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের তদন্ত শাখা থেকে জারি করা অফিস আদেশে তাঁকে সাময়িক বরখাস্তের কথা জানানো হয়। আদেশে স্বাক্ষর করেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাইজার সোহেল আহমেদ।
অফিস আদেশে বলা হয়েছে, রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থায় চাকরিরত অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনাকাঙ্ক্ষিত বিষয় প্রচারের মাধ্যমে বিমানের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছেন রফিকুল আলম। তাঁর এ কর্মকাণ্ড বাংলাদেশ বিমান করপোরেশন কর্মচারী প্রবিধিমালা, ১৯৭৯-এর ৫৫ ধারার পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে সংশ্লিষ্ট বিধি অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আদেশে আরও বলা হয়, সাময়িক বরখাস্ত থাকাকালে বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন। একই সঙ্গে তাঁকে বিমানের প্রধান কার্যালয় বলাকায় নিয়মিত হাজিরা দিতে হবে।
ফেসবুকে দেওয়া পোস্টের স্ক্রিনশটে দেখা যায়, একটি ভিডিওতে ‘১৬ই ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ লেখা রয়েছে। ওই পোস্টের মন্তব্যে রফিকুল আলম লিখেছেন, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’।
তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে রফিকুল আলম বলেন, তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। ছোটবেলা থেকেই মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর প্রতি তাঁর ভালোবাসা রয়েছে। আওয়ামী লীগের পক্ষে কোনো পোস্ট দেননি বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রফিকুল আলমের সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করতে পারেননি। পরে এনপিবি নিউজের পক্ষ থেকে বিমানের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের দুজন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।

