দুই জা-এর মধ্যে দৈনিক ঝগড়া, স্ত্রীদের হত্যা করে জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডের গুমলা জেলায় দুই নারীকে হত্যার পর পাশের জেলার জঙ্গলে মরদেহ পুঁতে রাখার অভিযোগে দুই সহোদর ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের মা-বাবাকেও আটক করা হয়েছে।
নিহত দুই নারী হলেন মিনি প্রিয়া (২৮) ও রাধিকা কুমারী (২০)। হত্যার অভিযোগে গ্রেপ্তার দুই ভাই শিব শঙ্কর সাহু ও নবীন সাহু। তাদের বাবা সমেশ্বর সাহু এবং মা তিলেশ্বরী দেবীকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, পেশায় অ্যাম্বুলেন্সচালক শিব শঙ্কর ও তার ভাই নবীন গত সোমবার (২৩ নভেম্বর) নিজেদের স্ত্রীদের হত্যা করেন। এরপর শিব শঙ্করের অ্যাম্বুলেন্সে করে মরদেহ দুটি সিমডেগা জেলার একটি জঙ্গলে নিয়ে মাটির নিচে লুকিয়ে রাখেন।
গুমলার পুলিশ সুপার হারিস বিন জামা বার্তা সংস্থা পিটিআইকে জানান, দুই নারীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ ও ঝগড়া চলছিল। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যেও অসন্তোষ তৈরি হয়। তবে হত্যাকাণ্ডের দুই দিন আগে দুই নারীর মধ্যকার বিরোধের অবসান হয়েছিল।
পুলিশ সুপার বলেন, ‘মঙ্গলবার ওই দুই ভাই প্রথমে পুলিশকে জানান যে তাদের স্ত্রীরা কিছু না জানিয়েই বাড়ি ছেড়ে চলে গেছেন। তবে পুলিশের টানা জিজ্ঞাসাবাদের মুখে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।’
অভিযুক্তদের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ সিমডেগার জঙ্গল থেকে মাটি খুঁড়ে দুই নারীর মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ জানায়, ঘটনার দিন সোমবার সকাল ৯টার দিকে নিহত দুই নারীর পরিবারের সদস্যরা তাদের সঙ্গে মুঠোফোনে কথা বলেছিলেন। সে সময় তাদের কথাবার্তায় অস্বাভাবিক কিছু মনে হয়নি পরিবারের সদস্যদের।
হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কুঠার এবং মরদেহ বহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

