জামিনে বেরিয়ে ফের দস্যুতা, সুন্দরবনে অস্ত্রসহ আটক বাহিনী প্রধান আসাবুর

সুন্দরবনে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ কুখ্যাত বনদস্যু আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা (৪৫)-কে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় দস্যুদের হাতে জিম্মি থাকা এক জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। অভিযানে একটি কাঠের নৌকাও জব্দ করা হয়। একই সময়ে পৃথক অভিযানে ডাকাতদের রসদসহ আরও একটি নৌকা জব্দ করেছে কোস্ট গার্ড।
রবিবার (২৯ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এসব তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, সুন্দরবনের বনদস্যুদের নির্মূল ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, সুন্দরবনের সক্রিয় দস্যু দল আসাবুর বাহিনী খুলনার দাকোপ থানাধীন শিবসা নদীর শরবতখালী খাল সংলগ্ন এলাকায় মুক্তিপণের দাবিতে এক জেলেকে জিম্মি করে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে গত ২৮ নভেম্বর দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও আউট পোস্ট নলিয়ানের সদস্যরা সেখানে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি কাঠের নৌকাসহ জিম্মি জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা সুন্দরবনের গহিনে পালিয়ে যায়।
পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৯ নভেম্বর রাত ১টার দিকে খুলনার দাকোপ থানার মল্লিকবাড়ি এলাকা দিয়ে পালানোর চেষ্টাকালে আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানাকে আটক করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী, সুতারখালী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে দুটি দেশীয় ওয়ান শুটারগান ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়, এর আগেও ২০২৪ সালের ১২ নভেম্বর আসাবুর সানাকে আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছিল। পরে জামিনে মুক্ত হয়ে তিনি পুনরায় সুন্দরবনে দস্যুতায় জড়িয়ে পড়েন। আটক আসাবুর সানা খুলনার দাকোপ উপজেলার বাসিন্দা।
এদিকে, গত ২৮ নভেম্বর দুপুর ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন দোবেকির সদস্যরা নিয়মিত টহল চলাকালে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন আড়পাঙ্গাশিয়া নদী সংলগ্ন এলাকায় একটি সন্দেহজনক কাঠের নৌকায় তল্লাশি চালান। এ সময় ডাকাতদের ব্যবহারের রসদসহ নৌকাটি জব্দ করা হয়। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া না যাওয়ায় সংশ্লিষ্ট দস্যুদের শনাক্ত করা সম্ভব হয়নি। পরে জব্দ করা নৌকা ও রসদ দোবেকি ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, আটক দস্যু, জব্দ করা নৌকা এবং উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার করা জেলেকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, সরকারের সুস্পষ্ট নির্দেশনা, সবার সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনকে সম্পূর্ণ দস্যু মুক্ত করা সম্ভব হবে।
