মেসি বায়ার্নের বিপক্ষে খেলবেন

বায়ার্নের বিপক্ষে খেললেও হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ভোগা মেসি ফরাসি লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে খেলতে পারবেন না। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে গালতিয়ের বলেছেন, ‘লিওকে (লিওনেল মেসি) আমরা মোনাকোর বিপক্ষে পাচ্ছি না। তবে ও (মেসি) সোমবারের অনুশীলনে ফিরবে। পরের ম্যাচে তাই ওকে (মেসিকে) পাওয়া নিয়ে সন্দেহ নেই আমাদের।
চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ ম্যাচে গোল করেছেন ১৫টি। আর সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৪টি। তাই পুরো দলকে মেসির জন্য খেলার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান পিএসজির কোচ। তিনি বলেছিলেন, ‘মেসি দলের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। আমি দলকে মেসির জন্য খেলতে এবং তাকে ঘিরে কাজ করতে বলেছি।’
তবে মোনাকোর বিপক্ষে মেসি না থাকায় নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হচ্ছে পিএসজিকে। এমনটাই আভাস দেন গালতিয়ের, ‘আমরা যেভাবে খেলি, সেখানে মেসির গুরুত্ব কতটা আমরা জানি। ও (মেসি) না থাকায় হয়তো আমাদের নতুন কৌশলে খেলতে হবে। লিওকে ছাড়া মোনাকোর বিপক্ষে খেলা দুর্ভাগ্যজনক। তবে এমনটা হতেই পারে, এটা একটা মৌসুমের অংশ।

