শীর্ষস্থান মজবুত করল বার্সা দ্বিতীয় স্থানে ম্যান সিটি

এস্তাদিও ডি লা সেরামিকায় ম্যাচের শুরুটা ভালো করতে পারেনি বার্সেলোনা। শুরুতেই আক্রমণ করে বার্সাকে চাপে রাখে ভিয়ারিয়াল। তবে ডিফেন্ডারদের দৃঢ়তায় কোনো গোল হজম করতে হয়নি তাদের। অন্যদিকে ম্যাচের দারুণ দুটি সুযোগ নষ্ট করে বার্সা ফরোয়ার্ড রবার্ট লেভানদোভস্কি। তবে পেদ্রির একমাত্র গোলে কোনোরকমে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
ম্যাচের ১৮ মিনিটে লেভানদস্কির দারুণ এক পাস থেকে রেইনাকে ফাঁকি দিয়ে বল ভিয়ারিয়ালের জালে জড়ান পেদ্রি। এরপর ম্যাচের ২৬ মিনিটে ডি ইয়ংয়ের চিপ ডি-বক্সে পেয়ে বল নামিয়ে বুলেট গতির শটে চেষ্টা করেন লেভানদোভস্কি। তবে তা ঠেকিয়ে দেন ভিয়ারিয়ালের গোলরক্ষক। প্রথমার্ধের যোগ করা সময়ে সমতা ফেরানোর খুব ভালো একটি সুযোগ হাতছাড়া করে ভিয়ারিয়াল। সতীর্থের বাড়ানো বল পেয়ে দ্রুত গতিতে এগিয়ে গিয়ে ঢুকে যান বার্সেলোনার ডি-বক্সে। কিন্তু কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেয়ার চেষ্টায় সফল হননি মোরালেস। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জাভি শিষ্যরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারো গোল করার সুযোগ আসে লেভানদোভস্কির সামনে। ম্যাচের ৫৩ মিনিটে গোলরক্ষককে একা পেয়ে দূরের পোস্টে ক্রসবারের অনেক উপর দিয়ে শট নেন তিনি। এরপর দুই দলই সুযোগ তৈরি করে। কিন্তু জমাট রক্ষণ পেরিয়ে কোনো দলই সেভাবে গোলরক্ষকের পরীক্ষা নিতে পারেনি। ম্যাচের ৯০ মিনিটে বার্সেলোনার বল জালে পাঠান ভিয়ারিয়ালের চুকুউইজি। তবে অফসাইডের কারণে গোল বাতিল করেন রেফারি। এই জয়ে ২১ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৫৬। ২০১৯ সালের পর লা লিগার শিরোপা জয়ের দিকে এগিয়ে চলছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ২০ ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৪৫। ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রিয়াল সোসিয়েদাদ। ২১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ৮ম স্থানে রেয়ছে ভিয়ারিয়াল।
ম্যাচ শেষে ডিফেন্ডার আরাউহো বলেন, ‘বাস্তবতা হচ্ছে আমরা রক্ষণভাগে সত্যিকার অর্থেই কঠোর পরিশ্রম করছি। গত মৌসুম শেষে আমরা ফর্ম শোধরাতে বাধ্য হয়েছি। ওই সময় আমাদের বিপক্ষে প্রতিপক্ষ অনেক গোল দিয়েছে। গোল হজম না করে ম্যাচ শেষ করা কঠিন হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এবার আমরা রক্ষণভাগ ও মিডফিল্ডে দারুণভাবে নিজেদের ফিরিয়ে এনেছি। স্ট্রাইকাররাও ভালো খেলছে।
আগামী বৃহস্পতিবার ইউরাপা লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। ম্যাচ শেষে বার্সা কোচ জাভি বলেন, এখনো লিগের অনেক পয়েন্ট বাকি, আমাদের অনেকদূর যেতে হবে। আমরা দারুণভাবে এগিয়ে চলেছি, কিন্তু তারপরও এখনো অনেক জায়গায় উন্নতির প্রয়োজন আছে। কঠিন এই ম্যাচে জয়ের জন্য আমরা শক্তিশালী পারফরম্যান্স দেখিয়েছি।’
এর আগে দিনের শুরুতে মেমফিস ডিপাইয়ের একমাত্র গোলে সেল্টা ভিগোকে হারিয়েছে দিয়েগো সিমিওনের আতলেতিকো মাদ্রিদ। সেল্টা ভিগোর মাঠে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। তবে ম্যাচের ৭০ মিনিটে স্টিফান সাভিচ সুইস স্ট্রাইকার হারিস সেফেরোভিচকে ডি বক্সের মধ্যে ফাউল করলে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ম্যাচ শেষে আতলেতিকো কোচ সিমিওনে বলেন, ‘সব মিলিয়ে এটি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গোল ছিল। এ সপ্তাহে অনুশীলনেও ডিপাই কঠোর পরিশ্রম করেছে।
খেলোয়াড়দের মধ্যে সবসময়ই একটি অলিখিত প্রতিযোগিতা থাকে। আমাদের জন্য কে খেলবে তা নির্ধারণ করাটা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়।’

