সৌম্যের দিন কি শেষ?

২০১৪ সালে অভিষেকের পর স্বপ্নীল সময় কাটিয়েছিলেন সৌম্য সরকার। ঘরের মাটিতে ২০১৬ সালে পাকিস্তান, ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা তিন সিরিজে ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের শাসন করেছিলেন সৌম্য। কিন্তু সময়ের সঙ্গে তার ব্যাটিংয়ের ধারও কমে গেছে উল্টো ধারায়।
প্রত্যাশা অনুযায়ী ক্রিকেট খেলতে পারছেন না সৌম্য সরকার। জাতীয় দল কিংবা ঘরোয়া লিগ কোথাও রানের দেখা পাচ্ছেন না এই ব্যাটার। তারপরও সৌম্যকে ছুড়ে ফেলতে চায় না বিসিবি। বরং ব্যাটিংয়ের সমস্যাগুলো ঠিক করতে পারলে আবারও জাতীয় দলের পরিকল্পনায় আনা হবে সৌম্যকে। এমনটিই জানিয়েছেন বিসিবি নির্বাচক হাবিবুল বাশার সুমন।
সবার ধারণা ছিল চান্ডিকা হাথুরুসিংহে আসার পর হয়তো ঘুরে যেতে পারে সৌম্যের ভাগ্যের চাকা। তবে বিপিএল-ডিপিএল কোথাও হাসছে না তার ব্যাট। তাই আপাতত আড়ালেই থেকে যাচ্ছেন সৌম্য। তবে প্রতিভাবান এই ব্যাটার যে এখনও রয়েছেন নির্বাচকদের পরিকল্পনায়, সেটি হাবিবুল বাশার সুমনের ঈঙ্গিতেই বোঝা যায়।
সৌম্যের বিষয়ে সুমন বলেন, ‘এখন প্রত্যাশা অনুযায়ী ওর কাছ থেকে পারফরমেন্স পাচ্ছি না। ও এখনো আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে। বড় বড় দলের বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংস আছে সৌম্যর। ওকে কিছু বোঝানোর নেই। ওকে নিজেই বুঝতে হবে।’এদিকে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন সৌম্য। অস্ট্রেলিয়ায় সেই বিশ্বকাপে চার ম্যাচে মাত্র ৪৯ রান করে দল থেকে বাদ পড়েন। গত বছর ৬টি টি-টোয়েন্টিতে তার বিবর্ণ সময় কেটেছে। এ সময়ে রান করেছিলেন মাত্র ৭৬।
সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলেও তেমন একটা আলো ছড়াতে পারেননি সৌম্য। আসরটিতে ১২ ম্যাচ খেলে করেন কেবল ১৭৪ রান। এছাড়া চলমান ঢাকা লিগে এখন পর্যন্ত ৯ রাউন্ডে সৌম্যর ব্যাট থেকে এসেছে কেবল ১৬১ রান। সর্বোচ্চ ৫৬। আরেক ম্যাচে করেন ৪১ রান। বাকি সব ম্যাচে আউট হয়েছেন ২০ রানের আগেই।

