মেসি-এমবাপ্পেকে টপকে আয়ের শীর্ষে রোনালদো

ফুটবলের বাইরেও বিভিন্ন সময় প্রতিযোগিতা দেখা যায় তারকা ফুটবলারদের নিয়ে। সম্প্রতি ২০২৩ সালে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অ্যাথলেটদের তালিকা প্রকাশ করে যুক্তরাষ্ট্রের সাময়িকী ফোর্বস। আয়ের দিক দিয়ে শীর্ষে আছেন তিন ফুটবলার। যেখানে মেসি-এমবাপ্পেকে টপকে আয়ের দিক থেকে এক নম্বরে রোনালদো।
গত মঙ্গলবার রাতে এই তালিকা প্রকাশ করে ফোর্বস। ২০২২ সালের মে থেকে ২০২৩ সালের মে পর্যন্ত হিসাব করে এই তালিকা প্রকাশ করেছে তারা। যেখানে দেখা যায়, ২০২৩ সালে রোনালদোর আয় ১৩ কোটি ৬০ লাখ ডলার যা ১ হাজার ৪৩৫ কোটি টাকার ওপরে। এই বছরের জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে প্রায় দ্বিগুণ বেতনে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন রোনালদো। এরপরই পারিশ্রমিকে ৩৮ বছর বয়সি এই তারকা উঠে আসেন সবার ওপরে। ফোর্বসের তথ্যানুসারে, মাঠের খেলায় রোনালদোর আয় ৪ কোটি ৬০ লাখ ডলার। ক্লাবটিতে তার বার্ষিক বেতন আনুমানিক ৭ কোটি ৫০ লাখ ডলার।
২০২৫ সাল পর্যন্ত আল নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিশ্চিয়ানো। রয়টার্স জানিয়েছে, এই চুক্তিপত্রের মূল্য প্রায় ২২ কোটি ডলার। এর পাশাপাশি বিভিন্ন স্পনসর, প্রচারণা ও আনুষঙ্গিক বিষয়াদি থেকে রোনালদো আয় করেছেন ৯ কোটি ডলার।
ফোর্বসের তালিকার ইতিহাসে মাঠের বাইরে থেকে ৯ কোটি ডলার আয় ছিল আর কেবল তিনজন ক্রীড়াবিদের- টেনিস তারকা রজার ফেদেরার, গলফ তারকা টাইগার উডস ও আইরিশ বক্সার কনর ম্যাকগ্রেগরের। ২০১৭ সালের পর প্রথমবার এই তালিকার শীর্ষে উঠলেন রোনালদো। সব মিলিয়ে সবার ওপরে উঠলেন তিনবার। গত দুই বছরে এই তালিকায় তিন নম্বরে ছিলেন তিনি।
এই তালিকার দ্বিতীয় স্থানে আছেন লিওনেল মেসি। ৩৫ বছর বয়সি মেসির মোট আয় ১৩ কোটি ডলার যা ১ হাজার ৩৭১ কোটি টাকার বেশি। মাঠ থেকে মেসির আয় ৬ কোটি ৫০ লাখ ডলার। আর্জেন্টিনা জাতীয় দল এবং বিশ্বের কয়েকটি নামিদামি প্রতিষ্ঠানের ব্রান্ড অ্যাম্বাসেডর মেসি। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করেন আর্জেন্টিনার অধিনায়ক। মাঠের বাইরে আয় করেছেন আরো ৬ কোটি ৫০ লাখ ডলার।
তালিকার তিন নম্বরে থাকা কিলিয়ান এমবাপ্পের আয় ১২ কোটি ডলার যা ১ হাজার ২৬৬ কোটি টাকার ওপরে। তবে বেতন বেশি হওয়ায় মাঠ থেকে তার আয় মেসি ও রোনালদোর চেয়ে বেশি। পিএসজির এই ফরাসি তারকা মাঠ থেকে আয় করেছেন ১০ কোটি ডলার। মাঠের বাইরে তিনি নাইকি, ডিওর, হাবলট ও ওকলের মতো প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এখান থেকে তার আয় ২ কোটি ডলার।
তালিকার চার নম্বরে বাস্কেটবল কিংবদন্তি ও লস অ্যাঞ্জেলস লেকার্সের তারকা লেব্রন জেমস। তার আয় মোট ১১ কোটি ৯৫ লাখ ডলার। পাঁচ নম্বরে মেক্সিকোর বক্সার ক্যানেলো আলভারেজ। তার আয় ১১ কোটি ডলার। তালিকার ছয় নম্বরে সাবেক নাম্বার ওয়ান গলফার ডাস্টিন জনসন। তার আয় ১০ কোটি ৭০ লাখ ডলার।
সাতে ইতিহাসের সবচেয়ে বয়স্ক গলফার হিসেবে মেজর চ্যাম্পিয়নশিপ জয়ের রেকর্ড গড়া ফিল মিকেলসন। তার আয় ১০ কোটি ৬০ লাখ ডলার। আট নম্বরে গোল্ডেন স্টেট ওয়ারিয়র্সের তারকা ও বাস্কেটবল কিংবদন্তি স্টিফেন কারি। এই তারকার আয় ১০ কোটি ৪ লাখ ডলার। নয় নম্বরে টেনিসের সুইস কিংবদন্তি রজার ফেদেরার। এই তারকার আয় ৯ কোটি ৫১ লাখ ডলার। আর দশ নম্বরে ফোনিক্স সানসের বাস্কেটবল তারকা কেভিন ডুরান্ট। তার আয় ৮ কোটি ৯১ লাখ ডলার।
ফোর্বস তথ্যমতে, শীর্ষ এই দশ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড় কর এবং এজেন্ট ফির হিসাব বাইরে রেখে গত ১২ মাসে আয় করেছেন মোট ১১১ কোটি ডলার। গত বছরের তুলনায় শীর্ষ দশের এই আয় বেড়েছে ১২ শতাংশ। গত বছর শীর্ষ দশ মিলে আয় করেছিল মোট ৯৯ কোটি ডলার। আর ২০১৮ সালের রেকর্ডও এবার ভেঙেছেন শীর্ষ দশে থাকা অ্যাথলেটরা। সে বছর ১০৬ কোটি ডলার আয় করেছিলেন তারা, এবার আয়ের অঙ্কে তা বেড়েছে ৫ শতাংশ।
তবে গত বছর ফোর্বসের তালিকায় মেসি-রোনালদোকে হটিয়ে শীর্ষে উঠেছিলেন এমবাপ্পে। তার আগে এই লড়াইটা ছিল লিওনেল মেসি বনাম ক্রিশ্চিয়ানো রোনালদোর। কখনো রোনালদোকে পেছনে ফেলতেন মেসি, কিংবা মেসিকে হটিয়ে শীর্ষস্থান দখল করতেন রোনালদো। এমবাপ্পের মতো ২০১৩ সালে মেসি-রোনালদোকে টপকে শীর্ষ ধনী হয়েছিলেন সাবেক ইংলিশ অধিনায়ক ডেভিড বেকহাম।

