বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সালাহউদ্দিনদের বিতর্কিত কাণ্ডে অনিশ্চয়তায় ফুটবলাররা

প্রকাশ: ৫ মে ২০২৩, ৬:০৪ অপরাহ্ন আপডেট: ৫ মে ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সালাহউদ্দিনদের বিতর্কিত কাণ্ডে অনিশ্চয়তায় ফুটবলাররা

ইমেজ সংকট কাটাতেই ব্যস্ত সময় কাটাচ্ছে বাফুফের বর্তমান কমিটি। ফুটবলারদের মাঠের খেলা নিয়ে ভাবার সময় কই তাদের? জুনেই সাফ চ্যাম্পিয়নশিপের পরবর্তী আসর। এ নিয়ে কোনো পরিকল্পনা নেই ফেডারেশনের।
 
শুরুতে দুর্নীতি, এরপর গণমাধ্যম কর্মীদের পরিবার নিয়ে তুচ্ছতাচ্ছিল। গত কয়েকদিন এ নিয়েই সরগরম ফুটবল পাড়া। কাজী সালাহউদ্দিন অ্যান্ড গংয়ের একের পর আপত্তিকর কর্মকাণ্ড আর নেতিবাচক মন্তব্য উত্তাল ফুটবল পাড়া। চার মেয়াদে ফুটবল ফেডারেশনকে দুর্নীতির আখড়া বানিয়ে ফেলেছেন সভাপতি ও তার অনুসারীরা। তাদের ভয়ে অনেকটাই কোণঠাসা দেশের সাবেকরা। অনেকের জন্য তো বন্ধই হয়ে গেছে ফেডারেশনের দরজা।
 
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক শেখ মোহাম্মদ আসলাম বলেন, ‘সবাই রাম রাজত্ব বানিয়ে ফেলেছে ওই জায়গাটা। সব নোংরামিতে ওই জায়গাটা ভরে গেছে। ওখানে যেতেই আমাদের সাবেকদের ভয় লাগে।’
 
চলছে সার্কাস আর কাদা ছোড়াছুড়ি। এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে দেশের ফুটবল। সামনেই আরও একটা সাফ চ্যাম্পিয়নশিপ। সালাহউদ্দিনের শাসনামলে সবচেয়ে সাফে ব্যর্থ হয়েছে জাতীয় দল। তাতে কি আসে যায় কাজীদের? চলমান কঠিন পরিস্থিতিতে ক্যারিয়ার নিয়ে সবচেয়ে বেশি অনিশ্চয়তার মুখে পড়েছেন ফুটবলাররা। তাদের নিয়ে ভাবার সময় কই বাফুফের?

ফুটবলার জাহিদ হাসান এমিলি বলেন, ‘ফিফা একজন ব্যক্তিকে নিষেধাজ্ঞা দিয়েছে। কিন্তু যদি বাংলাদেশের ফুটবলকে দিত, তাহলে ক্ষতিগ্রস্ত হতো ফুটবলাররাই। কোনো কর্মকর্তা ক্ষতিগ্রস্ত হতো না। ফিফা তদন্ত করলে হয়তো আরও অনেক কিছু বেরিয়েও আসতে পারে। তাই আমি বলব, এখনই সতর্ক হওয়া উচিত।’
 
সামনেই আরও একটা সাফ। কিন্তু পরিকল্পনার ধারে কাছে নেই ফেডারেশন। হাতে সময় খুব কম। তাই সময় থাকতে ফুটবলারদের নিয়ে ভাবার অনুরোধ করেছেন তারা।
 
এমিলি বলেন, ‘সাফ ফুটবল নিয়ে কারো মধ্যে কিন্তু কোনো রকম চিন্তা নেই। লিগের খেলা হচ্ছে, কে ভালো খেলছে, কে খারাপ খেলছে কোনো নজর নেই। কোচ কোথায় আছে, আমরা জানি না। খেলোয়াড় বাছাই হচ্ছে কি না, এগুলো নিয়ে পরিকল্পনা করা উচিত। দিনশেষে আমরা মাঠের বাইরে বিষয় নিয়ে আলোচনা-সমালোচনা করছি। আমি মনে করি, এখন থেকেই সাফ ফুটবল নিয়ে পরিকল্পনা করা উচিত।

এখনি সচেতন না হলে ফিফার কাছ থেকে শাস্তি পেতে পারে ফেডারেশন। এমন শঙ্কাও ঘুরপাক খাচ্ছে ফুটবলারদের মনে।