বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

শেষ বলের ছক্কায় হায়দরাবাদের জয়

প্রকাশ: ৯ মে ২০২৩, ১২:৩৯ পূর্বাহ্ন আপডেট: ৩০ এপ্রিল ২০২৬, ৯:৪৩ পূর্বাহ্ন
শেষ বলের ছক্কায় হায়দরাবাদের জয়

প্রথমে ব্যাটিং করে ২ উইকেট হারিয়ে ২১৪ রানের বিশাল স্কোর গড়ে তোলে রাজস্থান রয়্যালস। জবাব দিতে নেমে একেবারে শেষ বলে এসে আবদুল সামাদের ছক্কায় জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সানরাইজার্স হায়দরাবাদ। ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় তারা।

শেষ ওভারে হায়দরাবাদের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৭ রান। রাজস্থানের বোলার সন্দিপ শর্মা। আগের ৩ ওভারে ২৯ রান দিয়েছিলেন তিনি। শেষ ওভারের প্রথম বল মোকাবেলা করেন মাত্রই উইকেটে নেমে আসা আবদুল সামাদ। তার সঙ্গে ছিলেন মার্কো জানসেন। প্রথম বলেই ২ রান নিলেন সামাদ। শর্ট থার্ড ম্যানে ক্যাচ দিয়েছিলেন তিনি। কিন্তু ম্যাককয় দৌড়ে গিয়ে বলটা হাতের তালুতে নিয়েও ফেলে দেন। মনে হচ্ছিল যেন ম্যাচটাই তখন ফেলে দিয়েছিলেন তিনি। পরের বলেই মূল্য দিতে হলো সন্দিপ শর্মাকে। ইয়র্কার লেন্থের বলটিকেই সোজা ছক্কা হাঁকিয়ে দিলেন সামাদ।

তৃতীয় বলটি থেকে সামাদ নিলেন ২ রান। অর্থ্যাৎ ৩ বল থেকে এলো ১০ রান। পরের বলে ১। পঞ্চম বলে জানসেন ১ রান দিয়ে আবারও সামাদকে দিলেন স্ট্রাইকে। শেষ বলে প্রয়োজন ৫ রান। বাউন্ডারি মারলে ম্যাচ হবে টাই। ছক্কা মারলে জিতবে হায়দরাবাদ। এমনই এক টানটান উত্তেজনায় সন্দিপ শর্মা বল করলেন। সামাদ কোনো রান নিতে পারলেন না। উল্লাস শুরু হয়ে গেলো রাজস্থান শিবিরে। সন্দিপ আকাশের দিকে আঙ্গুল উঁচু করে বিজয় উদযাপন শুরু করে দিয়েছিলেন তখন।

কিন্তু বেরসিক আম্পায়ার ঘোষণা দিলেন, বলটা ছিল নো। ওভারস্টেপিং করে ফেলেছেন সন্দিপ। ম্যাচ তো শেষ হলোই না, বরং যোগ হলো ১ রান। এবার বাউন্ডারি মারলেও জিতে যাবে হায়দরাবাদ। চরম নাটকীয়তায় উপনীত তখন ম্যাচটি।

এবার দৌড়ে এসে সোজা ইয়র্কার করলেন সন্দিপ। কিন্তু সামাদও কম যাননি। সোজা বোলারের মাথার ওপর দিয়ে পাঠিয়ে দিলেন বাউন্ডারির ওপারে। ছক্কা। রাজস্থান রয়্যালসের সমর্থক এবং ডাগআউটে বসা ক্রিকেটাররা হৃদয়ভাঙার আওয়াজ নিয়ে ধপাস করে বসে পড়লেন আর বুনো উল্লাসে মেতে উঠলেন সানরাইজার্সের ক্রিকেটারও সমর্থকরা। সবারই কথা, ক্রিকেটে এমনও সমাপ্তি হয়!