অর্পিত সম্পত্তি নিয়ে সব মামলা চলবে বিশেষ ট্রাইব্যুনালে

রায়ে আদালত বলেন, অর্পিত সম্পত্তি আইনের ৯, ১৩ এবং ১৪ ধারা মৌলিক অধিকারের পরিপন্থি নয়। অর্পিত সম্পত্তি জেলা প্রশাসকের অধীনে থাকবে এবং জেলা প্রশাসক প্রয়োজনে লিজ দিতে পারবেন।
আদালত সূত্রে জানা যায়, প্রকৃত মালিকদের জমি ফেরত দিতে ২০০১ সালে অর্পিত সম্পত্তি নিয়ে আইন প্রণয়ন করে সরকার। ২০০২ সালে এই আইন কার্যকর হয়। এর আগেই অর্পিত সম্পত্তি নিয়ে লাখ লাখ মামলা হয়।
২০১২ সালে চট্টগ্রামের দুই ব্যক্তি গেজেট হওয়ার আগেই তাদের অর্পিত সম্পত্তি বিচারাধীন ছিল দাবি করে হাইকোর্টে রিট করেন। সেই সঙ্গে জেলা প্রশাসকরা অর্পিত সম্পত্তি লিজ দিতে পারে কিনা তা নিয়েও একটি রিট দায়ের করা হয়। তবে এ রিটের চূড়ান্ত শুনানিতে আইনি ব্যাখ্যার প্রয়োজন হলে ৩ সদস্যের বৃহত্তর বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি। সেই রিটের চূড়ান্ত শুনানিতে হাইকোর্ট ২০১২ সালের আগে হওয়া অর্পিত সম্পত্তির লাখ লাখ মামলা বাতিল করে দেন। বলবৎ হয় ২০১২ সালের আইনের ধারাটি।

