নিখোঁজের ৪৪ ঘণ্টা পর গড়াই নদী থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বুধবার (১৪ জুন) কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন হোসাইন তানভীরের মরদেহ পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা সাড়ে ১১টার দিকে যেখানে ডুবেছিল তার কিছুটা দূরে মৃতদেহ ভেসে ওঠে।
সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্মেসি বিভাগের ১৩ জন শিক্ষার্থী মাইক্রোবাসযোগে মেহেরপুর ও কুষ্টিয়ার বিভিন্ন পর্যটন এলাকায় ভ্রমণে যান। তারা প্রথমে মেহেরপুরের মুজিবনগর ভ্রমণ করেন। সেখান থেকে কুষ্টিয়ায় ফকির লালন শাহের আখড়াবাড়িতে আসেন। পরে তাদের মধ্যে তিনজন গড়াই রেল সেতুর নিচে গোসল করতে নামেন। এ সময় দুই বন্ধু তীরে উঠতে পারলেও তানভীর তলিয়ে যান।
এদিকে, সোমবার রাত ১০টা পর্যন্ত কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও খুলনা নৌবাহিনীর ডুবুরিরা উদ্ধার অভিযান চালালেও নদীতে ডুবে যাওয়া শিক্ষার্থী তানভীরকে উদ্ধার করা সম্ভব হয়নি। মঙ্গলবার সকাল থেকে খুলনা ডুবুরি দলের পাঁচ সদস্য উদ্ধার অভিযানে যোগ দিয়েছিল।
পরে প্রায় ৪৩ ঘণ্টা পরে বুধবার সকাল সোয়া ১১ টার দিকে সেতু এলাকায় মরদেহটি ভেসে উঠলে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, নিখোঁজ ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে বরগুনা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুস সালামের ছেলে তানভীর আহমেদ নিখোঁজ সংবাদের বরগুনায় সর্বত্র ছড়িয়ে পড়ে। চরম উদ্যোগ ও উৎকণ্ঠের মধ্য দিয়ে সময় পার করতে থাকেন সজনরা। বুধবার ১১টার দিকে মরদেহ উদ্ধারের সংবাদটি ছড়িয়ে পড়লে গোটা বরগুনায় শোকের ছায়া নেমে আসে।

