প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরও আশ্রয়ণের ঘর বুঝে পাননি উপকারভোগীরা

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ২২ মার্চ আনুষ্ঠানিকভাবে সারা দেশে একযোগে ভূমিহীন-গৃহহীনদের জন্য নির্মিত চতুর্থ ধাপের ৩৯ হাজার ৩৬৫টি আশ্রয়ণ প্রকল্পের ঘর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরমধ্যে নোয়াখালীতে ১১৭০টি পরিবারের মাঝেও জমির দলিল হস্তান্তর করা হয়। সদর উপজেলায় এই ধাপে ঘর পাওয়া উপকারভোগীর সংখ্যা ৪৩৫টি পরিবার। এরমধ্যে দেড় শতাধিক ঘরের জাক এখনো চলমান রয়েছে।
সরেজমিন সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের চরদরবেশ গ্রামে গিয়ে দেখা গেছে, সেখানে ভূমিহীন-গৃহহীনদের জন্য নির্মিত ৮০ টি ঘর। ঘরগুলোর কাজ এখনো শেষ হয়নি। ঘরগুলো কবে, কখন বুঝে পাবেন সেজন্য আশ্রয়ণে ঘুরে ঘুরে ঘরগুলো দেখছেন, নুরজাহান বেগম ও পাখি আক্তার নামের দুই উপকারভোগী।
নুরজাহান বেগম জেলার সদর উপজেলার পূর্ব শুল্লুকিয়া গ্রামের বাসিন্দা। স্বামী পরিত্যক্তা নুরজাহান বেগম তিন মেয়ে, এক ছেলে নিয়ে থাকেন অন্যের বাড়িতে। সেখানে বর্ষার মৌসুমে ঝড়-বৃষ্টিতে অনেক কষ্টে বসবাস করছেন তিনি। সরকারের দেওয়া আশ্রয়ণের জমির দলিল পেয়ে আনন্দে আত্মহারা নুর জাহান এখনো বুঝে পাননি ঘর। ফলে এখনো লাঘব হয়নি তার কষ্ট। তাই সময় পেলেই ছুটে যান আশ্রয়ণ প্রকল্পে। সেখানে জানতে চান কবে, কখন ওঠবেন তাঁর স্বপ্নের ঘরে।
শুধু পাখি আক্তার নয়, প্রতিনিয়তই ঘর বুঝে পাওয়ার আশায় আশ্রয়ণে ভিড় জমান পাখি আক্তার, আবদুল গনি, ইয়াসমিন আক্তারের মতো উপকারভোগীরা।
স্থানীয় বাসিন্দারা বলেন, প্রধানমন্ত্রী ঘরগুলো উদ্বোধন করলেও এখানো ঘরের কাজ শেষ হয়নি। যার কারণে প্রতিনিয়িত ঘর পাওয়া উপকারভোগীরা এখানে এসে হতাশ হয়ে ফিরে যান। অভিযোগ রয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাঁর স্বজনদের দিয়ে ঘরের কাজ করানোর কারণে অনেকটা ধীরগতিতে কাজ করা হচ্ছে। এজন্য কোন চাপও প্রয়োগ করা হচ্ছেনা। কাজের মান নিয়েও প্রশ্ন তোলেন তারা।
এদিকে সহযোগী ঠিকাদারের পক্ষ থেকে বলা হয়েছে ঘরগুলোর কাজ প্রায় শেষ পর্যায়ে, এখন রং এর কাজ চলছে। কয়েক দিনের মধ্যে ঘরগুলো বুঝিয়ে দেওয়া যাবে।
এবিষয়ে মিডিয়ায় কোন মন্তব্য জানাতে রাজি হননি উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহম্মেদ। তবে দেড় শতাধিক পরিবার এখনো ঘর বুঝে পাননি বলে স্বীকার করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম।
জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, কিছু ঘরের টুকটাক সামন্য কিছু কাজ বাকি ছিল, সেগুলো চলমান। দ্রুত কাজ শেষ করে উপকারভোগীদের ঘরগুলো বুঝিয়ে দেওয়া হবে।
অন্যের বাড়িতে কিংবা রাস্তার পাশে ঝুঁপড়ি ঘরে থাকা ভূমিহীন-গৃহহীন পরিবারের সদস্যরা নিজ নামে জমির দলিল হাতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। কিন্তু উদ্বোধনের ২ মাস ২২ দিন পেরিয়ে গেলেও সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের চর দরবেশ গ্রামে ৮০টি পরিবারসহ দেড় শতাধিক উপকারভোগী পরিবার এখনো ঘর বুঝে না পেয়ে চরম হতাশা প্রকাশ করছেন। আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোর কাজ দ্রুত শেষ করে ঘরের চাবি বুঝিয়ে দিয়ে কষ্ট আর বঞ্চনার অবসান ঘটানো হবে এমনটাই প্রত্যাশা উপকারভোগীদের।

