কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

ঢাকায় তিন টাকা বাড়িয়ে প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৫০-৫৫ টাকা ও ঢাকার বাইরে ৪৫-৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (২৫ জুন) এ মূল্য নির্ধারণ করা হয়।
গত বছর সারাদেশে প্রতি বর্গফুট (লবণ দেয়া) কুরবানির গরুর কাঁচা চামড়ার দাম আগের বছরের চেয়ে ৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল।
গত বছর ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৪৭ থেকে ৫২ টাকা, ঢাকার বাইরে ৪০ থেকে ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।
দেশে প্রতি বছর যে পরিমাণ চামড়া সংগ্রহ করা হয় তার প্রায় ৫০ শতাংশ কাঁচা চামড়া ঈদুল আজহাতেই সংরক্ষণ করেন ট্যানারি মালিকরা।
বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের মতে, এ বছর এক কোটি ১০ লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কাঁচা চামড়া সংরক্ষণ করতে ন্যায্যমূল্যে লবণ, কেমিক্যাল পেলে এ বছর রপ্তানি আরো বাড়বে বলে আশা ট্যানারি মালিকদের।
এদিকে দেশে ৬১ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি লবণ উৎপাদন হলেও বাজারে বস্তাপ্রতি দাম বেড়েছে প্রায় ৩শ টাকা। আর কেজিতে বেড়েছে ৪ টাকা। কুরবানির আগে হঠাৎ করে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ার পেছনে সিন্ডিকেটকে দায়ী করছেন চামড়া ব্যবসায়ীরা। এভাবে লবণের দাম বাড়লে এর প্রভাব পড়বে কাঁচা চামড়ার ওপর।
তাদের মতে, কুরবানির পশুর চামড়ার ন্যায্য দাম নিশ্চিত করতে বাধা হয়ে দাঁড়িয়েছে লবণের বাড়তি দাম। তারা বলেন, লবণের দাম বাড়তে থাকলে চামড়ার দাম কমবে এটাই স্বাভাবিক।

