ধর্মীয় অনুভূতিতে আঘাতের সর্বোচ্চ শাস্তি চেয়ে সরকারকে আইনি নোটিশ

রাজধানীর শান্তিনগরের বাসিন্দা মুহাম্মদ আরিফুর রহমানের রহমানের পক্ষে আজ সোমবার (৩ জুলাই) এই নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে শব্দ উচ্চারণ বা এসব অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত শাস্তির বিধান আছে। এই আইনের সুবিধা সব ধর্মের মানুষ সমানভাবে নিতে পারবে। আর যেকোনো ধর্মের অবমাননাই শাস্তিযোগ্য অপরাধ। কোনো বিশেষ ধর্মের জন্য বা একক কোনো ধর্মকে সুরক্ষা দিতে এ আইন নয়। এর বাইরেও ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে ইলেকট্রনিক বিন্যাসে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা শাস্তিযোগ্য অপরাধ। এ আইনে অপরাধ প্রমাণ হলে পাঁচ বছর কারাদণ্ড ও অনধিক ১০ লাখ টাকা অর্থদণ্ডের বিধান আছে। এছাড়া, একাধিকবার একই অপরাধ সংগঠিত করলে সাজার পরিমাণ এ সাজার দ্বিগুণ। যা অপরাধের তুলনায় অত্যন্ত নগণ্য ও অপ্রতুল। ফলে অনেকেই মহানবীসহ ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে নানা ধরনের মন্তব্য ও কটূক্তি করেছে এবং করে আসছে। যদিও তা কুরআন, হাদিস, সুন্নাহ ও সংবিধান বিরোধী। সুতরাং সার্বিক বিবেচনায় প্রচলিত আইন সংশোধন ক্রমে এ ধরনের অপরাধের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা আবশ্যক।
নোটিশে আরো বলা হয়, নোটিশ পাওয়ার যৌক্তিক সময়ের মধ্যে প্রচলিত আইন সংশোধনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সংসদ সচিবালয়ের সচিব, ধর্ম মন্ত্রণালয়ের সচিব, ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক (ডিজি) ও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) এই নোটিশ পাঠানো হয়েছে।

