ঢাকা-ভাঙ্গা রুটে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু

ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ১০ স্টেশনের মধ্যে প্রথম দিনেই চালু হয়েছে পাঁচ স্টেশন। এতে অটো সিগনাল পদ্ধতিতে আধুনিক রেল নেটওয়ার্কের নতুন মাইলফলক রচিত হলো। এর আগে বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা থেকে আটটি বগি নিয়ে বিশেষ ট্রেন পদ্মা সেতু অতিক্রম করে। মুন্সীগঞ্জের মাওয়া এবং নিমতলা স্টেশনে করা হয় যাত্রা বিরতি। এরপর রাত পৌঁনে ৮টায় রাজধানীর কমলাপুর রেল স্টেশনে পৌঁছায় শীততাপ সুবিধা সম্বলিত ট্রেনটি।
প্রকল্প পরিচালক মো. আফজাল হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় কমলাপুরের নতুনভাবে সংস্কার করা অংশ থেকে পরীক্ষামূলক ট্রেন রওনা হয়েছে ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশে। পরীক্ষামূলক এই ট্রেনটি পদ্মা সেতুর দুই প্রান্তের স্টেশনেই যাত্রাবিরতি করবে বলে কথা রয়েছে।
প্রকল্প ব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ জানান, পদ্মাসেতু এবং দুই পাড়ের রেলপথ প্রস্তুত এখন। ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার রেলপথে পদ্মা সেতু অতিক্রমের পরিকল্পনা রয়েছে। দ্রুতগতির ট্রেনে চড়ে রাজধানী থেকে প্রধানমন্ত্রীর ফরিদপুরের ভাঙ্গা যাবার কথা। এর পরদিনই রেলপথ উন্মুক্ত করে দেয়া হবে। তাই প্রকল্পজুড়ে এখন ভীষণ ব্যস্ততা। আর পদ্মা সেতুর রেলপথ চালু এবং প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পদ্মার দুই পাড়ের মানুষ উচ্ছ্বসিত।
বাংলাদেশ রেলওয়ে বিভাগ ফরিদপুর স্টেশন মাস্টারের কার্যালয় জানায়, আজ নতুন এই রেলপথ দিয়ে প্রথম ঢাকা থেকে ভাঙ্গা স্টেশনে আসবে ট্রায়াল ট্রেনটি। আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেলপথের উদ্বোধন করবেন। পুরো প্রকল্পে নির্মাণ হতে যাওয়া ঢাকা থেকে যশোর পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য ১৭২ কিলোমিটার।

