শেখ হাসিনা-মোদি বৈঠকে গুরুত্ব পাবে দ্বিপক্ষীয়-আঞ্চলিক স্বার্থ

প্রসঙ্গত, জি-২০ সম্মেলনটি শনিবার নয়াদিল্লিতে শুরু হয়ে পরদিন রবিবার ১০ সেপ্টেম্বর শেষ হবে। জি-২০ সম্মেলন উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি নৈশভোজের আয়োজন করেছেন। সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও থাকতে পারেন। নৈশভোজে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। এর ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গেও কথা বলতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘দিদি’ বলে সম্বোধন করেন।
এদিকে, নয়াদিল্লিতে বৈঠকের আগে ঢাকায় থাকবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আজ ও আগামীকাল শুক্রবার। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি চলে যাবেন। দিল্লি থেকে ফেরার পরপরই বাংলাদেশ স্বাগত জানাবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে। ১১ সেপ্টেম্বর বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্ব তুলে ধরে শেখ হাসিনা ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসবেন।
সবমিলিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর ও দ্বিপক্ষীয় বৈঠকগুলো নিছক প্রতীকী নয়। টেবিলে বাস্তব, চাপা সমস্যা আছে। সেগুলো নিয়ে বৈঠকগুলো থেকে সমাধানের পথ বের করা হবে। সবমিলিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ‘ঘূর্ণিঝড় কূটনীতি’ পার করছেন।
বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সূত্র জানিয়েছে, স্বাগতিক ভারতের বিশেষ আমন্ত্রিত হিসেবে সম্মেলনে যোগ দিতে শেখ হাসিনা নয়াদিল্লিতে পৌঁছার কয়েক ঘণ্টা পর ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এর আগে গত রবিবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, বৈঠকে পারস্পরিক স্বার্র্থসংশ্লিষ্ট এবং আঞ্চলিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে শুক্রবার দুপুর দেড়টার দিকে (স্থানীয় সময়) অবতরণ করবেন বলে আশা করা হচ্ছে এবং মোদির সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে বিকাল ৪টার দিকে (স্থানীয় সময়)। শেখ হাসিনা দিল্লিতে অবস্থানকালে সৌদি যুবরাজের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির নেতাদের শীর্ষ সম্মেলন শেষ হওয়ার দিন ১০ সেপ্টেম্বর সকালে ঢাকায় ফিরবেন শেখ হাসিনা।
বিশ্লেষকরা বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ঘূর্ণিঝড় কূটনৈতিক সফরে রয়েছেন। কাল শুক্রবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌঁছানোর কয়েক ঘণ্টা পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেবেন। এই আলোচনা জি-২০ শীর্ষ সম্মেলনের প্রাক্কালে হবে যেখানে শেখ হাসিনা একজন সম্মানিত আমন্ত্রিত অতিথি। এমন বৈঠক এটাই প্রমাণ করে, উভয় দেশ তাদের পারস্পরিক সম্পর্ক এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য তাদের দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দেয়।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, জি-২০ সম্মেলন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘টাইট সিডিউল’ রয়েছে। এরকম পরিস্থিতির মধ্যেও সম্মেলনের প্রাক্কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের জন্য ৮ সেপ্টেম্বর বিকালে নির্ধারণ করা হয়েছে। এর মানে এটাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফর ‘হাইপ্রোইফাইল’। তবে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, আলোচনার সময় দ্বিপক্ষীয় সংযোগ প্রকল্পগুলো সামনে এবং কেন্দ্রে থাকবে। আঞ্চলিক ইস্যুতে বাংলাদেশের কৌশলগত অবস্থানের পরিপ্রেক্ষিতে আলোচনা হবে।
বাংলাদেশের ইন্দো-প্যাসিফিক দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি বলেন, ভারতের সঙ্গে সীমান্তের অপর প্রান্তে বাংলাদেশের সংযোগ উদ্যোগগুলোও বিভিন্ন ধরনের বিনিয়োগের সাক্ষী হচ্ছে। বৃহত্তর দৃষ্টিভঙ্গির ওপর জোর দিয়ে তিনি আরো বলেন, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় প্রেক্ষাপটে আমাদের ভূ-খণ্ডকে একটি সংযোগ কেন্দ্র হিসাবে স্থাপন করার জন্য আমাদের রাজনৈতিক নেতৃত্বের দৃষ্টিভঙ্গির অনুসরণে বাংলাদেশ আঞ্চলিক সংযোগকে অগ্রাধিকার দিতে থাকবে।
বিশ্লেষকদের মতে, শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির মধ্যে আসন্ন আলোচনা ভবিষ্যতের সহযোগিতার পথ নির্ধারণে সহায়ক হবে। বিশ্ব যখন জি-২০ শীর্ষ সম্মেলন দেখতে যাচ্ছে তখন এই দ্বিপক্ষীয় ব্যস্ততা আগামী বছরগুলোতে আঞ্চলিক কূটনীতি এবং কৌশলগত জোটের জন্য সুর স্থাপন করবে।

