বিএনপি মুণ্ডুহীন দল, একটা পলাতক আসামি আরেকটা কারাগারে : প্রধানমন্ত্রী

সোমবার (১৩ নভেম্বর) খুলনা সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আমার চাওয়া পাওয়ার কিছু নেই। দেশের মানুষ যদি ভালো থাকে সেটাই আমার পাওয়া। বাংলাদেশের জনগণই আমার পরিবার। জনগণকে পরিবার হিসেবে আমি আপন করে নিয়েছি। তাই তাদের কল্যাণের জন্য আমি কাজ করে যাচ্ছি।’
জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা বারবার আমাদের ভোট দিয়েছেন। ভোট দিয়ে আপনাদের সেবার করার সুযোগ দিয়েছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আর সেই সুযোগটা দিয়েছেন বলেই আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। বদলে যাওয়া বাংলাদেশ।’
বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এই খুনি ও দুষ্কৃতকারী যারা যানবাহনে আগুন দিতে যাবে তাদের ধরিয়ে দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কার ইতোমধ্যে আমরা ঘোষণা করেছি। যেন কোনো মানুষকে তারা পুড়িয়ে মারতে না পারে।
তিনি বলেন, যারা আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মারে তাদের কখনো ছাড় দেওয়া হবে না। প্রধান বিচারপতির বাড়ি ও বিচারপতিদের কোয়াটার সেখানে হামলা-ভাঙচুর করা হয়েছে। পুলিশ হাসপাতালে হামলা করা হয়েছে।
খুলনায় ২৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে দুপুরে তিনি খুলনা সার্কিট হাউজে খুলনা বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর বিকেল ৩টা ২০ মিনিটে খুলনার জনসভা মঞ্চে উপস্থিত হন শেখ হাসিনা। এসময় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা মঞ্চে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।

