'পর্যটক এক্সপ্রেস'র ৩ দিনের আগাম টিকিট বিক্রি শুরু

নতুন এই ট্রেনের নাম দেয়া হয়েছে ‘পর্যটক এক্সপ্রেস’। আগামী ১০ জানুয়ারি থেকে নতুন এই আন্তঃনগর ট্রেনের চলাচল শুরু হবে। সেই উপলক্ষ্যে আজ (বুধবার) একসঙ্গে বিক্রি হবে ৩ দিনের আগাম টিকিট।
বুধবার (৩ জানুয়ারি) টিকিট বিক্রির বিষয়টি নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার।
তিনি বলেন, আজ সকাল ৮টা থেকে কক্সবাজার রুটের নতুন আন্তঃনগর ট্রেন পর্যটক এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি করা হয়। যেহেতু বাংলাদেশ রেলওয়ে আন্তঃনগর ট্রেনের ক্ষেত্রে ১০ দিন আগের অগ্রিম টিকিট বিক্রি করে, সেই সময় অতিবাহিত হওয়ায় আজ ১০, ১১ ও ১৩ জানুয়ারির আগাম টিকিট বিক্রি করা হচ্ছে।
এর আগে গত ২ জানুয়ারি বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনন্ডন্ট মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী স্বাক্ষরিত এক পত্রে ১০ জানুয়ারি থেকে পর্যটক এক্সপ্রেস ট্রেন চলাচলের বিষয়টি জানা হয়েছিলো।
ট্রেনের সময়সূচি
কক্সবাজার থেকে ৮১৫ নম্বর ট্রেনটি রাত ৮টায় ছেড়ে রাত ১০টা ৫০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। ট্রেনটি চট্টগ্রামে ২৫ মিনিট বিরতি দিয়ে রাত ১১টা ১৫ মিনিটে ছেড়ে বিরতিহীনভাবে ঢাকা বিমানবন্দর স্টেশনে পৌঁছাবে রাত ৩টা ৫০ মিনিটে। এরপর ঢাকা বিমানবন্দর স্টেশনে ৩ মিনিট বিরতি দিয়ে রাত ৩টা ৫৩ মিনিটে ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছাবে রাত সাড়ে ৪টায়।
অন্যদিকে ৮১৬ নম্বর ট্রেনটি ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ভোর ৬টা ১৫ মিনিটে ছেড়ে ভোর ৬টা ৩৮ মিনিটে বিমানবন্দর স্টেশনে পৌঁছাবে। সেখানে ৫ মিনিট বিরতি দিয়ে ভোর ৬টা ৪৩ মিনিটে ছেড়ে বিরতিহীনভাবে সকাল ১১টা ২০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। সেখানে ২০ মিনিট বিরতি দিয়ে সকাল ১১টা ৪০ মিনিটে ছেড়ে কক্সবাজার স্টেশনে পৌঁছাবে বিকাল ৩টায়।

