‘ঘুমিয়ে থাকলেও পাস করবো’ বলা মেজর আখতার হারলেন বড় ব্যবধানে

গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নির্বাচনী প্রচারণায় গিয়ে মেজর (অব.) আখতারুজ্জামান তার বক্তব্যে বলেছিলেন, আমি আজকে বিএনপির পতন ঠেকানোর জন্য আমার জীবনটা সামনে লেলিয়ে দিয়েছি। শুরু হবে টার্নিং পয়েন্ট ৭ জানুয়ারি থেকে। আমি বিএনপির পতনের ট্রাক থামাবো, ইনশাল্লাহ্। আমি ঘরে ঘুমিয়ে থাকলেও পাস করবো। এটাই রাজনৈতিক বাস্তবতা।
দ্বাদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসন থেকে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক সংসদ সদস্য ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সোহরাব উদ্দিন। তিনি ঈগল প্রতীক নিয়ে ৮৯ হাজার ৪৩৯ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাহার আকন্দ পেয়েছেন ৬৮ হাজার ৯৩২ ভোট আর আখতারুজ্জামান রঞ্জন ট্রাক প্রতীক নিয়ে ১৬ হাজার ১৯৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
রবিবার (৭ জানুয়ারি) দুই উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলে এসব তথ্য জানা গেছে।

