শপথ নিতে সংসদ ভবনে ঢুকছেন নবনির্বাচিত এমপিরা

সরেজমিনে ঘুরে দেখা যায়, সকাল থেকেই সংসদ ভবনের ১২ নম্বর গেটের সামনে ভিড় করে আছেন নেতাকর্মীরা। মানুষের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।
গতকাল দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচিতদের ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশনার মো. আলমগীর জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্যদের গেজেট নির্বাচন কমিশন অনুমোদন করেছে।
গেজেট প্রকাশ নিয়ে ইসি আলমগীর বলেন, ৩০০ সংসদীয় আসনের মধ্যে নওগাঁ-২ আসনের প্রার্থী মৃত্যুবরণ করায় নির্বাচন বাতিল করা হয়েছে। ওই আসনের নির্বাচনের জন্য নতুন করে শিডিউল দেয়া হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে। আর ময়মনসিংহের একটি কেন্দ্রে ফলাফল স্থগিত রাখা হয়েছে। সেই নির্বাচন অনুষ্ঠিত হবে ১৩ জানুয়ারি।
তিনি আরো বলেন, এ দুটো বাদে বাকি ২৯৮টি আসনের নির্বাচনী ফলাফল মিলিয়ে দেখা হয়েছে। যাচাই বাছাই করা হয়েছে। সব ঠিক আছে। নির্বাচন কমিশন দেখেছে, সব ঠিক আছে। সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে সংসদ সদস্যদের শপথ পড়াতে হবে। সে অনুযায়ী আজ বুধবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
এমপিদের শপথের আগে প্রথম দফায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংবিধান ও কার্যপ্রণালি বিধি অনুযায়ী এমপি হিসেবে নিজে শপথগ্রহণ করবেন এবং শপথ বইয়ে স্বাক্ষর করবেন। ওই শপথ অনুষ্ঠানের পরই আওয়ামী লীগের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে।

