৯ মামলায় মির্জা ফখরুলের জামিন মঞ্জুর

বুধবার (১০ জানুয়ারি) দুপুর ১টায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি শুরু করেন আইনজীবীরা।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এসময় বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত পরে আদেশ দিবেন বলে জানান। এরপর বিকেলে আদালত মির্জা ফখরুলের জামিন আবেদন মঞ্জুরের আদেশ দেন। এদিন মির্জা ফখরুল ইসলামকে আদালতে হাজির করা হয়নি।
এরআগে গত মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তাকে কালো একটি গাড়িতে করে আদালতে হাজির করা হয়। এরপর আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ'র মাধ্যমে ৯ মামলায় মির্জা ফখরুল নিজেকে গ্রেপ্তার দেখাতে একই আদালতে আবেদন করেন। আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
এবিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-ত্রাণ ও পুনর্বাসন বিয়ষক সম্পাদক হান্নান ভুঁইয়া ভোরের কাগজকে বলেন, একটি মামলায় জামিন নিলে অন্য মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এভাবে রাজনৈতিক ব্যক্তিদের হয়রানি করা হয়।
মহাসমাবেশের দিন নাশকতার ঘটনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে ১১ মামলা দায়ের হয়। দুই মামলায় তাকে ইতোমধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি ৯ মামলায় তদন্ত কর্মকর্তা গ্রেপ্তার না দেখানোয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষেই গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।
গ্রেপ্তার দেখানো থাকলে জামিনের জন্য আবেদন করা যায়। এতে দ্রুত জামিন পাওয়া যাবে। এবিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, গ্রেপ্তার দেখানোর আবেদন উভয়পক্ষই করতে পারে। আসামিপক্ষ থেকে মনে করেছে তাই আবেদন করেছে।
এদিকে গ্রেপ্তার দেখানোর পর মির্জা ফখরুলের পক্ষে জামিন শুনানি করেন আইনজীবীরা। এ দুই আইনজীবীর শুনানির পর বিচারক বলেন, মামলাগুলোর জামিনের বিষয়ে পূর্ণাঙ্গ শুনানি হবে বুধবার। এদিন জামিন না মেলায় এরপর আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেন বিএনপির আইনজীবীরা।
গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে মির্জা ফখরুলের বিরুদ্ধে ১১টি মামলা হয়। পুলিশ কনস্টেবলকে হত্যা, রাস্তায় অবৈধ জমায়েত, যানবাহন ভাঙচুর, তাণ্ডব, পুলিশের অস্ত্র ছিনতাই, সম্পদের ক্ষতি, পুলিশ সদস্যদের লাঞ্ছিত এবং দায়িত্ব পালনে বাধা দেয়ার অভিযোগে পল্টন থানায় ৮টি ও রমনা মডেল থানায় ৩টি মামলা দায়ের করা হয়।
এরমধ্যে প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় গত ২৯ অক্টোবর মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
এর আগে মির্জা ফখরুলের জামিন আবেদন গ্রহণ করতে অস্বীকার করেন ঢাকার নিম্ন আদালত। এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৮ ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে ৯ মামলায় ফখরুলের জামিন আবেদন গ্রহণ, শুনানি ও নিষ্পত্তির নির্দেশ দেন হাইকোর্ট।

