শ্রমিক সংগঠন করার বিধান সহজ করতে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র : আনিসুল হক

যেসব কারখানায় ৩ হাজারের কম শ্রমিক রয়েছে সেখানে ১০ শতাংশ শ্রমিকের স্বাক্ষরে ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ দেওয়ার প্রস্তাব করেছেন তারা। বাংলাদেশের শ্রমিক অধিকারের পরিবেশ বিবেচনায় নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
রোববার সচিবালয়ে ঢাকায় মার্কিন দূতাবাসের লেবার অ্যাটাশে লিনা খান ও ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) ম্যাথু বেহ’র সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, শ্রমিকদের অধিকার নিয়ে তারা নিজেদের বক্তব্য দিয়েছেন। গতবছর থেকেই এ আলোচনা হচ্ছে। এ বিষয়ে বিভিন্ন পদক্ষেপ ও অগ্রগতি নিয়েই আজকে আলোচনা হয়েছে।
তিনি আরো বলেন, মার্কিন কর্মকর্তারা তাদের থ্রেশহোল্ড (ট্রেড ইউনিয়ন গঠনে শ্রমিকদের সম্মতির হার) সম্পর্কে কথা বলেছেন। আর তারা শ্রমিকের অধিকার নিয়ে খুবই সচেতন এবং এটা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। এ ব্যাপারে যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে অংশীদার হিসেবে কাজ করতে চায়।
আনিসুল হক বলেন, শ্রমিকের অধিকার বাংলাদেশ সরকারের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের হাতে রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী বুধবার শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হবে।
তিনি বলেন, আগামী মার্চে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডির বৈঠক বসবে। সেই বৈঠকের পর আমাদের অগ্রগতি সম্পর্কে জানাবো। এ বিষয়েও মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা এ বিষয়ে কোনো আপত্তি জানাননি।

