ফেব্রুয়ারিতে জার্মানি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মান ও ফ্রান্সের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর মিউনিখ সফরের বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ জানান, ‘মিউনিখ সম্মেলনে যাওয়ার সিদ্ধান্তগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক নিয়ে আমরা কাজ করছি।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ১৫ ফেব্রুয়ারি ঢাকা থেকে মিউনিখের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২ দিনের সফর শেষে ১৮ ফেব্রুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর মিউনিখ সফর নিয়ে ইতিমধ্যে কূটনৈতিক পত্রের মাধ্যমে জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজের সাথে বৈঠকের অনুমতি চাওয়া হয়েছে। বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

