উলুবনিয়া সীমান্ত দিয়ে মিয়ানমারের আরো ৬৩ জনের অনুপ্রবেশ

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কক্সবাজারের টেকনাফ উলুবনিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ তারা। বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
তিনি জানান, এখন পর্যন্ত মিয়ানমার থেকে মোট ৩২৭ জন পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এর মধ্যে রয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি), সেনা সদস্যসহ অন্যরা। ইতোমধ্যেই তাদের নিরস্ত্রীকরণ করা হয়েছে।
এদিকে বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘাত কিছুটা কমেছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে বুধবার দুপুর পর্যন্ত সীমান্তের কাছাকাছি এলাকায় গোলাগুলির শব্দ কমেছে। বিচ্ছিন্নভাবে কয়েকটি শব্দ শোনা গেলেও বিস্ফোরণের শব্দ অনেকটা বন্ধ রয়েছে বলে জানিয়েছেন উলুবনিয়া সীমান্ত এলাকার জনপ্রতিনিধিরা ।
এ বিষয়ে পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, মঙ্গলবার মধ্যরাত থেকেই মিয়ানমারের অভ্যন্তরে সংঘাত অনেকটা বন্ধ বলা যায়। বিচ্ছিন্ন কিছু শব্দ শোনা গেলে গোলাগুলির শব্দ আর নেই।
অন্যদিকে বুধবার (৭ ফেব্রুয়ারি) উলুবনিয়ার সীমান্ত দিয়ে বিজিপির আরও ৬৩ সদস্য পালিয়ে আসার বিষয়টি নিশ্চিত হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারি জানান, পালিয়ে আসা ব্যক্তিদের অস্ত্র জমা নিয়ে বিজিবি হেফাজতে নেয়া হয়েছে তাদের।

