মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বুয়েট শিক্ষার্থীদের ই-মেইল পাঠাল হিযবুত তাহরীর

প্রকাশ: ৫ এপ্রিল ২০২৪, ২:৫৩ অপরাহ্ন আপডেট: ২০ মে ২০২৬, ৫:৫৮ পূর্বাহ্ন
বুয়েট শিক্ষার্থীদের ই-মেইল পাঠাল হিযবুত তাহরীর

বৃহস্পতিবার রাতে খেলাফত প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে হিযবুত তাহরীরের পক্ষ থেকে মেইল করা হয়েছে বলে বুয়েটের কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন।

এক শিক্ষার্থী জানান, রাত ১২টায় হিজবুত তাহরীরের পক্ষ থেকে খেলাফত প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে মেইল পাঠানো হয়েছে। একই সঙ্গে আন্দোলনের পক্ষে অবস্থান নিশ্চিত করেছে জঙ্গি সংগঠনটি।

এর আগে, গত ৩১ মার্চ বুয়েটের শহিদ মিনারে সংবাদ সম্মেলন করে ইসলামী ছাত্রশিবির ও হিযবুত তাহরীরের বিরুদ্ধে কথা বলেছিলেন ছাত্রলীগের সমমনা কয়েক শিক্ষার্থী। এরপর থেকে তাদের নানাভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন ঐ শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে বুয়েটের উপাচার্যের কাছে আনুষ্ঠানিক অভিযোগও করেছেন তারা।

২০১৯ সালে বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারি করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই সুযোগে মৌলবাদী ধারার অনুপ্রবেশ ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হিযবুত তাহরীরের লিফলেট ছড়ানো হয় বলেও জানা গেছে।

গত ১ এপ্রিল বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। ছাত্ররাজনীতি নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন আদালত।