ইউএস-বাংলার বহরে যুক্ত হলো দ্বিতীয় এয়ারবাস ৩৩০

এয়ারবাসটি চীনের গুয়াংজু থেকে যাত্রা করে শনিবার (৬ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
আনুষ্ঠানিকভাবে নতুন সংযোজিত এয়ারক্রাফটকে গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
নতুন যুক্ত হওয়া এয়ারবাসটি দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে- সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, দাম্মামসহ যুক্তরাজ্যের লন্ডন ও ইতালির রোম রুটে পরিচালিত হবে। বর্তমানে এটি দুবাই, শারজাহ, মাস্কাট দোহা ও কুয়ালালামপুর রুটে পরিচালিত হবে।
ইউএস-বাংলার বহরে ২৪ তম এয়ারক্রাফট হিসেবে যুক্ত হয়েছে এয়ারবাস ৩৩০-৩০০। বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমানবহরে দু’টি এয়ারবাস ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০, ১০টি এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ ৪০০ এয়ারক্রাফট রয়েছে।
উল্লেখ্য, এয়ারক্রাফটের সংখ্যা বিবেচনায় বর্তমানে বাংলাদেশের বৃহৎ এয়ারলাইন্স ইউএস-বাংলা। এ এয়ারলাইন্স বর্তমানে অভ্যন্তরীণ সব রুটসহ আন্তর্জাতিক রুট কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে।

