শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ঈদের পরে ফাঁকা সড়কে কেন এত দুর্ঘটনা

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪, ১১:৪৮ অপরাহ্ন আপডেট: ৬ মে ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
ঈদের পরে ফাঁকা সড়কে কেন এত দুর্ঘটনা

ঈদুল ফিতরের দিন থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত বেসরকারি হিসাবে সড়ক দুর্ঘটনায় ৭০ জনের বেশি লোক নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। এর মধ্যে মঙ্গলবার ফরিদপুরের কানাইপুরে বাস-পিকআপ সংঘর্ষে ১৪ জনের মৃত্যু ও বুধবার ঝালকাঠিতে ট্রাক-মাইক্রোবাস ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ১৪ জনের মৃত্যুর ঘটনা উল্লেখযোগ্য। 

সড়ক পরিবহন নিয়ে কাজ করে, এমন সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, সারা দেশে অধিকাংশ দুর্ঘটনাই ঘটছে মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী অটোরিক্সা, ইজিবাইক, নসিমন-করিমনের মতো যানবাহনের কারণে। অপর বড় একটি অংশ হয়েছে বাস, ট্রাক এবং কাভার্ড ভ্যানগুলোর কারণে।

ফরিদপুরের কানাইপুরের দিগনগর এলাকায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ

দেশের সড়ক পরিবহন খাতের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, বছরের পর বছর এই খাতে বেশ কয়েকটি সমস্যা বিরাজমান থাকায় একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। আইন হলেও তার শক্ত প্রয়োগ না থাকায় বাস্তব পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।

বাংলাদেশের মহাসড়কগুলোয় দুর্ঘটনার পেছনে বেশ কয়েকটি কারণকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। এর মধ্যে রয়েছে— 

বেপরোয়া গাড়ি চালানো—

বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের গবেষণাতে দেখা গেছে, মহাসড়কে যেসব দুর্ঘটনা ঘটে, তার বড় একটি কারণ বেপরোয়াভাবে বা অতিরিক্ত গতিতে চালানোর প্রতিযোগিতা। বিপজ্জনকভাবে ওভারটেকিং, চলন্ত অবস্থায় মুঠোফোন ব্যবহার, মাদক সেবন, চালকের বেপরোয়া মনোভাব- ইত্যাদিকেও দায়ী করা হয়েছে এসব দুর্ঘটনার জন্য।

বেপরোয়া বাস চালানোর ফলে দুর্ঘটনা

বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইন্সটিটিউটের সাবেক পরিচালক মাহবুবুল আলম তালুকদার গণমাধ্যমকে বলেন, বাস একটা গণপরিবহন হলেও এটা হয়ে গেছে প্রাইভেট পরিবহন। এটা উচিত ছিল সরকারের নিয়ন্ত্রণে থাকা, নজরদারিতে থাকা। কিন্তু এটা ব্যক্তি মালিকানায় থাকায় সবাই তাদের স্বার্থের বিষয়টি চিন্তা করে। এ কারণে মালিকরাও চেষ্টা করে, কত কম খরচ করে, পরিবহন শ্রমিকদের বেশি খাটিয়ে বেশি লাভ করা যায়। ফলে তারা বাসের মেইনটেন্যান্সের দিকে নজর দেয় না, শ্রমিকদের সুবিধা দেখে না। বেশি লাভ করার প্রতিযোগিতা করতে গিয়ে মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটছে।

চালকের অতিরিক্ত ট্রিপ

দূরযাত্রায় কোনো পরিবহনে (বাস, ট্রাক, কাভার্ড ভ্যান) একাধিক চালক রাখার কথা থাকলেও তা মানেন না পরিবহন মালিক পক্ষ। বেশি মুনাফার জন্য একজন চালক দিয়েই অতিরিক্ত ট্রিপ ধরেন তারা। এতে দুর্ঘটনা বাড়ছে।

ফরিদপুরের একজন ট্রাকচালক আনোয়ার হোসেন বলেন, আমরা ট্রিপ হিসাবে টাকা পাই। আমাদের তো ফিক্সড কোনো বেতন নাই। প্রতিদিন যতগুলো ট্রিপ দিতে পারবো, সেই হিসাবে আমাদের ইনকাম বেশি হবে। তাই অনেকেই চেষ্টা করে একটু বেশি ট্রিপ দিয়ে বেশি ইনকাম করার। আর বেশি ট্রিপ দিতে হবে বলে তারা গাড়িও বেশি জোরে চালায়।

বুধবার ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকার ও অটোরিকশার সংঘর্ষে উল্টে যায় সিমেন্টবাহী ট্রাক

বাংলাদেশের বেশিরভাগ পরিবহনে চালকদের দিয়ে বেশি পরিশ্রম করানো হচ্ছে। দেশে ভারী যানবাহনের চালকের ভয়ংকর রকম সংকট রয়েছে। আবার চালকরা বেতন না পেয়ে ট্রিপ ভিত্তিক টাকা পেয়ে থাকেন। এতে করে অতিরিক্ত পরিশ্রমের কারণে ভোর বেলা অনেক সময় ঝিমুনি চলে আসতে পারে। বিশেষ করে চালকের কর্মঘণ্টা নির্দিষ্ট না করে এরকম ট্রিপ ভিত্তিক করার কারণে দেশে অসংখ্য দুর্ঘটনা ঘটছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

ত্রুটিপূর্ণ যানবাহন— 

অধ্যাপক মাহবুবুল আলম তালুকদার জানান, বাংলাদেশের বেশিরভাগ যানবাহনের মালিক আর চালক ফিটনেসের তোয়াক্কা করেন না। টাকা পয়সা দিয়েও অনেক সময় তারা ফিটনেস সার্টিফিকেট যোগাড় করে নেন বলে আমরা জানতে পারি। 

অনেক মালিক যে ফিটনেস-বিহীন গাড়ি চালান, এই অভিযোগ মেনে নিয়ে অ্যাসোসিয়েশন অব বাস কোম্পানিজের প্রেসিডেন্ট রফিকুল ইসলাম কাজল গণমাধ্যমকে বলেন, অনেক অল্প পুঁজির পরিবহন মালিক আছে। তাদের পক্ষে তো সবসময় গাড়ি নজরদারি বা চালকদের নিয়ন্ত্রণ করা, বা যাচাই বাছাই করা সম্ভব হয় না।

তিনি মনে করেন, পরিবহন খাতে যে বিশৃঙ্খলাই থাকুক, সেটা অভিজ্ঞ আর শক্ত হাতে নিয়ন্ত্রণে আনা দরকার। কর্তৃপক্ষের দায়িত্ব নজরদারি করা, এদের আইনের মধ্যে নিয়ে আসা। বিআরটিএ যদি কঠোর হয়, পুলিশ যদি কঠোর হয়, তাহলে তো আর কেউ এরকম গাড়ি চালাতে পারবে না।

মহাসড়কে আতঙ্ক থ্রি-হুইলার— 

মহাসড়কে দুর্ঘটনার আরেকটি মূল কারণ থ্রি-হুইলার। অটোরিকশা, ইজিবাইক, নসিমন-করিমনের মতো যানবাহন মহাড়কে চলাচল নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্য করে চলছে এসব যানবাহন। প্রতিদিন পড়ছে দুর্ঘটনার কবলে। এদের ঠেকানোর কোনো কর্তৃপক্ষ চোখে পড়ে না।

নজরদারি আর তদারকির অভাব—

বাংলাদেশের সড়ক পরিবহন খাতের বিশেষজ্ঞরা বলছেন, দেশের পুরো সড়ক খাতে চরম বিশৃঙ্খলা রয়েছে। যার সুযোগে ফিটনেস-বিহীন গাড়ি চলছে, অদক্ষ চালকরা গাড়ি চালাচ্ছেন, ধারণ ক্ষমতার বেশি যাত্রী বহন করা হচ্ছে, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো হচ্ছে। কিন্তু এক্ষেত্রে কারো কোনো নজরদারি নেই।

বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে বলছেন, এরকম মহাসড়কে কড়া নজরদারি ও ক্যামেরা থাকা উচিত। একটি গাড়ি অতিরিক্ত গতিতে চললে সেটাকে যেন দুর্ঘটনার আগেই থামানো যায়, আইনের মধ্যে আনা যায় সেই ব্যবস্থাপনা তৈরি করতে হবে। আধুনিক টেকনোলজি আনতে হবে।

অদক্ষতা—

অ্যাসোসিয়েশন অব বাস কোম্পানিজের প্রেসিডেন্ট রফিকুল ইসলাম কাজল বলেন, আমাদের দেশে চালকের লাইসেন্সে দক্ষতা যাচাই করে দেখা হয় না। টাকা পয়সা দিয়েও অনেকের লাইসেন্স হয়ে যায়। আমি মনে করি, সরকারিভাবে ড্রাইভিং ইন্সটিটিউট করে চালকদের প্রশিক্ষণ দেওয়া হলে তাদের দক্ষতা বাড়তে পারে।

এর আগেও বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি ও বুয়েটের এ্যাক্সিডেন্ট রিসার্চ ইন্সটিটিউটের গবেষণায় দেখা গেছে, চালকদের অনেকের সড়কের চিহ্ন এবং আইন কানুন সম্পর্কে পরিষ্কার ধারণা নেই। এমনকি অনেক চালকের ড্রাইভিং লাইসেন্সও থাকে না।